
চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে জেলার বিভিন্ন স্থান থেকে ৩৭ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ২০০ গ্রাম গাঁজা ও ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার (১১ নভেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। অন্যদিকে বিভিন্ন মামলায় আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা ৩৭ কিশোরদের মধ্যে যাচাই-বাছাই শেষে ৩৫ জনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
গ্রেপ্তার অন্য আসামিদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর।
আরটিভি/এমএইচজে


