
স্বাধীনতার ৫৬ বছর পার হলেও একটি ব্রিজের অভাবে জামালপুরের বকশীগঞ্জে চরম ভোগান্তি ও দুর্ভোগে রয়েছেন ৫ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ। সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় খালের ওপর একটি ব্রিজ নির্মাণ না হওয়ায় প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, ভ্যানচালকসহ সাধারণ মানুষ।
বিলেরপাড় খালের ওপর একটি ব্রিজ নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ পাল্টে যাবে আর্থসামাজিক অবস্থা। কিন্তু বারবার আবেদন করেও এই খালের ওপর ব্রিজ নির্মাণ হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, অগ্রাধিকার ভিত্তিতে ব্রিজ নির্মাণে প্রস্তাবনা পাঠানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় গ্রামের মাঝখানে রয়েছে ছোট একটি খাল। বিলেরপাড় গ্রামকে বিভক্ত করে রেখেছে এই খালটি। এই খালটির কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সর্বসাধারণকে। খালটির দুই মাথায় রয়েছে রাস্তা। এই রাস্তা দিয়ে চলাচল করেন বিলেরপাড়, ডেরুরবিল, বাংগালপাড়া, বালুরগ্রাম ও কুতুবেরচর গ্রামের ১৫ হাজার মানুষ। বছরের বেশিরভাগ সময় এই খালটিতে পানি জমে থাকায় নানা পেশার মানুষকে দুর্ভোগে পড়তে হয়। এই খাল পার হয়ে প্রতিদিন কোমলমতি শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়।
বর্ষার সময়ে নৌকা আর শুকনো মৌসুমে ধানখেত মাড়িয়ে গন্তব্যে যেতে হয় স্থানীয় এলাকাবাসীসহ ৫ গ্রামের পথচারীদের। বিশেষ করে কৃষকদের চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের উৎপাদিত ফসল নিয়ে। ব্রিজ না থাকায় প্রায় তিন কিলোমিটার ঘুরে বাড়িতে নিয়ে আসতে হয় ফসলগুলো। খালের পশ্চিম পাশে অবস্থিত বিলেরপাড় গ্রামের বসবাসকারী অটোরিকশাচালক, মোটরসাইকেলচালক ও ব্যবসায়ীদের তিন কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। বারবার স্থানীয় প্রশাসনের নিকট দাবি জানিয়েও কোনো লাভ হয়নি।
বিশেষ করে গর্ভবতী নারীদের সন্তান প্রসবের জন্য হাসপাতালে পৌঁছাতে অনেক ভোগান্তি পোহাতে হয়। ফলে ৫৬ বছর ধরে একটি ব্রিজের অপেক্ষার প্রহর গুণছেন এই এলাকার মানুষ।
স্থানীয়দের দাবি, এই খালের ওপর একটি ব্রিজ নির্মিত হলে জনভোগান্তি যেমন কমে যাবে, তেমনি গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার হবে। সেই সঙ্গে বদলে যাবে এই জনপদের মানুষের যোগাযোগব্যবস্থা।
তাই বিলেরপাড় খালের ওপর দ্রুত একটি ব্রিজ নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
বিলেরপাড় গ্রামের কৃষক আক্কাস আলী বলেন, ‘আমাদের সব আবাদ হয় বিলের পশ্চিম পাশে। ফসল ঘরে তুলতে হলে বিলের পানি বেয়ে নিয়ে যেতে হয়। এখানে একটি ব্রিজ নির্মিত হলে কৃষকদের ভোগান্তি কমে যাবে।’
এই গ্রামের ছাত্তার মিয়া বলেন, ‘জুমার নামাজ পড়তে বিলের পূর্ব পাশে জামে মসজিদে যেতে হয়। বর্ষার সময় নৌকা দিয়ে পার হয়ে মসজিদে যেতে হয়।’
পল্লী চিকিৎসক হযরত আলী বলেন, ‘এমপি, মন্ত্রীসহ অনেক সরকার পরিবর্তন হলেও অনুন্নত বিলেরপাড় গ্রামে কোনো উন্নয়ন হয়নি। এমনকি এই গ্রামের রাস্তাটি বন্যায় বিধ্বস্ত হলেও তা নতুন করে নির্মাণ করা হয়নি। জনদুর্ভোগ লাঘবে বিলেরপাড় খালের ওপর ব্রিজ নির্মাণসহ রাস্তাটি দ্রুত মেরামত করা প্রয়োজন।’
এ ব্যাপারে এলজিইডির বকশীগঞ্জ উপজেলা প্রকৌশলী হাফিজুল ইসলাম জানান, খোঁজ নিয়ে দেখেছি এই খালের ওপর একটি ব্রিজ নির্মাণ প্রয়োজন। ব্রিজটি নির্মাণ হলে জনগণের কষ্ট দূর হবে। তাই দ্রুত ব্রিজ নির্মাণে প্রস্তাবনা পাঠানোসহ এলজিইডির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এসএস




