
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলওয়ে স্টেশনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্টেশন অফিসের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের জড়িত থাকার কথা জানা গেছে।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা স্টেশন লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।
বারোবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, রাত ৩টার দিকে হঠাৎ স্টেশনের অফিস কক্ষের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। হামলার সময় অফিস কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় কোনো কর্মচারী হতাহত হননি। পাশাপাশি অফিসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্রেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ ব্যাপারে কার্যক্রম নিষিদ্ধ কালিগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন বলেন, এটি একটি প্রতিবাদ।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, রাতে বারোবাজার রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তরা তিনটি ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে পালিয়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। একইসঙ্গে এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরটিভি/এসএস




