
দুদিনের ব্যবধানে উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা আরও কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ৫-এ। অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় কুয়াশা না থাকলেও অনুভূত হচ্ছে শীত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। এর ফলে সকালে কুয়াশার দেখা মেলেনি। তবে রাত থেকে চলমান থাকা পাহাড়ি হিম বাতাস সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে। এর আগে বুধবার (১৮ নভেম্বর) জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই দিন সকাল ৯টায় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
সরেজমিনে দেখা গেছে, রাত থেকে পরদিন সকাল পর্যন্ত উত্তরের এ জনপদে অনুভূত হচ্ছে শীত। এ সময়টিতে মানুষের স্বাভাবিক চলাচলে পড়েছে প্রভাব। ঘরের বাইরে বের হতে হচ্ছে গরম কাপড় জড়িয়ে। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, কৃষক, দিনমজুর ও নিম্নআয়ের মানুষ পড়েছেন কিছুটা ভোগান্তিতে। সকাল ৭টার মধ্যেই সূর্যের মুখ দেখা যায়। তাই কাজের প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষকে সূর্যের আলোয় খানিকটা উষ্ণতা নিতে দেখা গেছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় গণমাধ্যমকে বলেন, ‘গত কয়েকদিন ধরেই পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ওঠানামা করছে। গেল এক সপ্তাহের বেশি সময় ধরে ১৫ থেকে ১৭ ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড করা হলেও, আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রিতে নেমে এসেছে। আগামীতে তাপমাত্রা আরও কমে গিয়ে শীতের অনুভূতি বাড়বে এবং জেঁকে বসবে।
আরটিভি/এমএইচজে




