ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

বিষাক্ত হচ্ছে বিষখালী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৮ পিএম
ছবি: সংগৃহীত

শহর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব যাদের, তাদের বিরুদ্ধেই খাল ও নদীতে ময়লা-আবর্জনা ফেলার অভিযোগ উঠেছে। বরগুনার বেতাগী পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের একাংশ দিনের আলোয় টাউন ব্রিজের ওপর থেকে নিচের খালে বর্জ্য ফেলছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

এর ফলে খালের পাশাপাশি বিষখালী নদীর পরিবেশও দূষণের ঝুঁকিতে পড়ছে। বর্জ্য ব্যবস্থাপনায় পৌরসভার কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ নাগরিক ও পরিবেশকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ময়লা-আবর্জনা সংগ্রহ করেন পরিচ্ছন্নতাকর্মীরা। অভিযোগ রয়েছে, সংগৃহীত বর্জ্যের একটি অংশ টাউন ব্রিজের ওপর থেকে নিচের খাল ও বিষখালী নদীতে ফেলা হচ্ছে। বর্জ্য অপসারণের নির্দিষ্ট ও কার্যকর ব্যবস্থা না থাকায় কর্মীদের একাংশ সহজ পথ হিসেবে জলাধারে আবর্জনা ফেলছেন। এতে পানিদূষণের পাশাপাশি জলজ প্রাণী, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

বাসিন্দাদের অভিযোগ, প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে তারা নিয়মিত পৌরকর পরিশোধ করলেও বর্জ্য ব্যবস্থাপনায় কোনো শৃঙ্খলা নেই। নিয়ম অনুযায়ী বাসাবাড়ি, বাজার ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা বর্জ্য নির্ধারিত স্থানে সংরক্ষণ ও পরিবেশসম্মতভাবে অপসারণ করার কথা। কিন্তু সেই ব্যবস্থা কার্যকর না থাকায় পচনশীল বর্জ্যের সঙ্গে পলিথিনও খাল-নদীতে ফেলা হচ্ছে।

এদিকে বর্জ্য ব্যবস্থাপনার জন্য পৌরসভার পাবুয়া এলাকায় একটি ডাম্পিং স্টেশন নির্মাণের কাজ শুরু হলেও নির্ধারিত সময় পেরিয়ে গেছে, তবু কাজ শেষ হয়নি। ফলে বর্জ্য সংরক্ষণ ও অপসারণের স্থায়ী ব্যবস্থা চালু করা যাচ্ছে না। দ্রুত নির্মাণকাজ শেষ করে ডাম্পিং স্টেশনটি চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ব্যবসায়ী সাইদ মল্লিক বলেন, ‘প্রথম শ্রেণির পৌরসভার নাগরিক হিসেবে আমরা নিয়মিত পৌরকর দিই। অথচ বর্জ্য ব্যবস্থাপনায় কোনো শৃঙ্খলা বা কার্যকর তদারকি নেই। পরিচ্ছন্নতাকর্মীরাই যদি প্রকাশ্যে খাল-নদীতে ময়লা ফেলেন, তাহলে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ কতটা কার্যকর হবে?’ দ্রুত ডাম্পিং স্টেশন চালু করে দূষণ বন্ধের দাবি জানান তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫, বাংলাদেশ পানি আইন, ২০১৩ এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০-এ পরিবেশ ও জলাধার রক্ষার স্পষ্ট বিধান রয়েছে। এসব আইনের আওতায় প্রযোজ্য ক্ষেত্রে পানিদূষণ ও জলাধারের পরিবেশ ক্ষতিগ্রস্ত করার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

বেতাগী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আসাদুল ইসলাম চিনু বলেন, শহর পরিচ্ছন্ন রাখার দায়িত্বে থাকা কর্মীদের কাছ থেকে এমন আচরণ কাম্য নয়। একদিকে পৌরসভা নাগরিকদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার পরামর্শ দিচ্ছে, অন্যদিকে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের বিরুদ্ধেই জলাধারে বর্জ্য ফেলার অভিযোগ উঠছে। তাই পৌর কর্তৃপক্ষের কঠোর তদারকি ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

পরিবেশসংশ্লিষ্টদের মতে, খাল ও নদীতে পলিথিন, প্লাস্টিক ও পচনশীল বর্জ্য জমলে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হতে পারে। দীর্ঘদিন এসব বর্জ্য জমে থাকলে পানির গুণগত মান নষ্ট হয় এবং জলজ প্রাণীর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি পচনশীল বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়িয়ে মশা-মাছির বিস্তার ও পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ে।

বরগুনার পরিবেশকর্মী মনির হোসেন কামাল বলেন, খাল ও নদী কোনোভাবেই বর্জ্য ফেলার জায়গা হতে পারে না। পলিথিন ও পচনশীল আবর্জনা নিয়মিত পানিতে ফেললে জলাধারের স্বাভাবিক পরিবেশ ধ্বংস হয়। এ ধরনের কাজ বন্ধে সচেতনতামূলক প্রচারের পাশাপাশি নিয়মিত তদারকি, দায়ীদের জবাবদিহি এবং দীর্ঘমেয়াদি বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন।

বরগুনা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াদ মাহমুদ রকিব বলেন, খাল ও নদীতে বর্জ্য ফেললে পানির গুণগত মান নষ্ট হয় এবং জলজ পরিবেশের ভারসাম্য ব্যাহত হয়। পচনশীল বর্জ্য ও পলিথিন জলজ প্রাণী, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই পৌরসভার সংগৃহীত বর্জ্য পরিবেশসম্মত উপায়ে অপসারণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জামাল উদ্দিন বলেন, নদী ও জলাশয়ে প্লাস্টিক বর্জ্য জমলে তা ভেঙে মাইক্রোপ্লাস্টিক তৈরি হতে পারে। এসব ক্ষুদ্র কণা মাছ ও অন্যান্য জলজ প্রাণীর শরীরে ঢুকে খাদ্যচক্রের মাধ্যমে মানুষের দেহেও পৌঁছাতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি। এ ছাড়া দূষণের কারণে পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে গেলে জলজ প্রাণীর বেঁচে থাকা ও প্রজনন ব্যাহত হয়।

বেতাগী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন জানান, খাল বা নদীতে ময়লা-আবর্জনা ফেলতে নিষেধ করা হয়েছে। এরপরও বর্জ্য ফেলার অভিযোগ খতিয়ে দেখা হবে এবং পরিচ্ছন্নতাকর্মীরা যাতে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোপালগঞ্জে নাশকতায় অর্থায়ন, ৯৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলাসহ বিভিন্ন নাশকতায় অর্থায়নের অভিযোগে ৯৭ ব্যক্তি ও চারটি ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে এসব হিসাবের লেনদেনের তথ্য যাচাই শুরু করেছে সংস্থাটির গোয়েন্দা বিভাগ।
গোপালগঞ্জে নাশকতায় অর্থায়ন, ৯৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ
অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় নারী-পুরুষ-শিশুসহ ১১ জন আটক
ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় নারী, পুরুষ ও শিশুসহ আট বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় নারী-পুরুষ-শিশুসহ ১১ জন আটক
কিছু কারখানা বন্ধ থাকলেও গাজীপুর শিল্পাঞ্চলে উৎপাদন ও যান চলাচল স্বাভাবিক
গাজীপুরের শিল্পাঞ্চলে বিচ্ছিন্ন শ্রমিক অসন্তোষের জেরে কিছু কারখানা ছুটি ও বন্ধ ঘোষণা করা হলেও অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে মজুরি বৃদ্ধির পরও গাজীপুরের ভোগড়া বাইপাস, নাওজোর, কলম্বিয়া, সালনা ও গড়গড়িয়া মাস্টারবাড়িসহ কয়েকটি এলাকায় পোশাকশ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন।  একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। এতে দ্রুতই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কিছু এলাকায় শ্রমিকেরা হঠাৎ মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। উদ্ভূত পরিস্থিতিতে বুধবার গাজীপুরের বিভিন্ন এলাকায় প্রায় ২০টি কারখানা ছুটি ঘোষণা করা হয় এবং ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।  কারখানা ছুটির পর বেশির ভাগ শ্রমিক শান্তিপূর্ণভাবে বাসায় ফিরে যান। তবে জেলার বাকি অধিকাংশ পোশাক কারখানায় নির্বিঘ্নে কাজ চলছে। গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, গাজীপুরের কয়েকটি এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। কিছু সময় তারা মহাসড়কে অবস্থান নিলেও পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক রাখে। বুধবার প্রায় ২০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে এবং ৩৫টি কারখানা বন্ধ রয়েছে। আরটিভি/এসআর
কিছু কারখানা বন্ধ থাকলেও গাজীপুর শিল্পাঞ্চলে উৎপাদন ও যান চলাচল স্বাভাবিক
বাঁশঝাড়ের পাশে ছেলেসন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী
ঝালকাঠির নলছিটিতে খোলা আকাশের নিচে ছেলেসন্তান জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন এক নারী।
বাঁশঝাড়ের পাশে ছেলেসন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী
সুরমা নদীতে বালি-পাথরবোঝাই নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ
সুনামগঞ্জের জামালগঞ্জে বালি-পাথরবোঝাই নৌকা ডুবিতে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন।
সুরমা নদীতে বালি-পাথরবোঝাই নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ
আরও পড়ুন
নদীজুড়ে রঙের উৎসব, যেন প্রকৃতির আঁকা জীবন্ত ক্যানভাস!
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা সরকারি ইঞ্জিনিয়ার
গোসলের সময় পিছলে পড়া নিয়ে বিরোধ, প্রাণ গেল কিশোরের
ঢাকায় চলছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক