
সুনামগঞ্জের জামালগঞ্জে বালি-পাথরবোঝাই নৌকা ডুবিতে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ২টার দিকে জামালগঞ্জ উপজেলার সুরমা নদীর সাচনাবাজারের মাছ বাজারের পশ্চিমে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শ্রমিকরা হলেন- জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের কাশেম আলীর ছেলে মুবাশ্বির আলম (২৫) এবং একই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মারুফ মিয়া (২০)।
খবর পেয়ে বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে উদ্ধার অভিযান পরিচালনা করছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
দুই শ্রমিক নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী। ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি।
নৌকার ইঞ্জিনের কাছে ছোট ছিদ্র দিয়ে ধীরে ধীরে পানি উঠে নৌকাটি নদীতে ডুবে গেছে বলে ধারণা করছেন স্থানীয় লোকজন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইনাতনগর গ্রামের ছয়জন শ্রমিক একই গ্রামের গোবিন্দ দাসের একটি স্টিলের নৌকায় (তমা নৌ পরিবহন) তাহিরপুরের যাদুকাটা নদীর লাউড়েরগড় এলাকা থেকে বালি-পাথর এনে বিভিন্ন এলাকায় বিক্রি করেন। ব্যবসার লভ্যাংশের অংশ তারা নৌকার মালিককে দেন। মঙ্গলবার যাদুকাটা নদীর লাউড়েরগড় এলাকা থেকে বালি-পাথর নিয়ে রাতে সুরমা নদীর সাচনাবাজার এলাকায় নৌকাটি নোঙর করে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে হঠাৎ করে বালি-পাথরবোঝাই নৌকাটি নদীতে ডুবে যায়। এ সময় নৌকার বিশ্রাম কক্ষে ঘুমিয়ে থাকা মুবাশ্বির আলম ও মারুফ মিয়া নৌকার ভেতরে আটকা পড়েন তবে বিশ্রাম কক্ষের বাহিরে থাকা চারজন শ্রমিক অনু দাস, আমিরুল ইসলাম, মুসতাকিন মিয়া ও সুমন মিয়া নৌকা থেকে বের হয়ে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে দুই শ্রমিক মুবাশ্বির ও মারুফ নৌকার ভেতরে আটকা অবস্থায় নদীতে ডুবে যায়।
খবর পেয়ে রাতেই সুরমা নদীতে নিখোঁজ উদ্ধার করে অভিযান চালায় নৌকার মালিক ও নিখোঁজ থাকা শ্রমিকদের স্বজনরা।
সুরমা নদীর তীরে নোঙর করা পান্না এন্টারপ্রাইজের সুকানী ইনাতনগর গ্রামে আমিরুল ইসলাম বলেন, গতকাল যাদুকাটা নদীর লাউড়েরগড় এলাকা থেকে আমরা কয়েকটা নৌকায় বালি-পাথর নিয়ে রাতে সাচনাবাজারের পাশে নোঙ্গর করে ঘুমিয়ে ছিলাম। রাত ২টার দিকে হঠাৎ পানির শব্দ শুনে দেখতে পাই তমা নৌ পরিবহন ডুবে যাচ্ছে। এ সময় নৌকা থেকে চারজন বের হওয়ার চেষ্টা করলে আমরা তাদের উদ্ধার করি। তবে দুইজন নৌকার ভেতর আটকা পড়ে এবং নৌকাটি ডুবে যায়।
ডুবে যাওয়া তমা নৌ পরিবহনের মালিক গোবিন্দ দাস বলেন, মঙ্গলবার রাত ২টার পর হঠাৎ করে খবর পাই বালি-পাথর বোঝাই অবস্থায় দুইজন শ্রমিকসহ নৌকাটি নদীতে ডুবে গেছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আমরা নৌকাটি খোঁজার ও নিখোঁজ শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করছি।
আরটিভি/এমএইচজে


