
যশোরের অভয়নগরে অভিযান চালিয়ে আনুমানিক ৫৪ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ১৫০ টন চোরাই সরকারি গমসহ একটি কার্গো জাহাজ জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। এ ঘটনায় জাহাজের পাঁচজনকে আটক করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরের বেঙ্গল খেয়াঘাট সংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে অভিযান চালিয়ে এসব গম জব্দ করা হয়।
আটকরা হলেন- মাগুরার মহম্মদপুরের আব্দুর রহমান, ফরিদপুরের আলফাডাঙ্গার মো. হায়াতুল ইসলাম, জয়দেবপুরের নয়ন, নোয়াখালীর রায়হান উদ্দিন এবং নড়াইলের খালিদ হাসান ও ঝালকাঠির হাসান ইসলাম।
এসআরবি-৬ যশোরের অধিনায়ক মেজর নাজমুল ইসলাম জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) বাগেরহাটের মোংলার হারবারিয়া এলাকা থেকে ১৫০ টন সরকারি গম নিয়ে একটি কার্গো জাহাজ নওয়াপাড়া নৌবন্দরে আসে। রাত ৩টার দিকে জাহাজটি বেঙ্গল খেয়াঘাট সংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে নোঙর করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১০টার দিকে মেসার্স পানামা ট্রেডার্সের মালিকানাধীন এমভি সূর্যবানু-১১ নামে কার্গো জাহাজটিতে অভিযান চালানো হয়। এ সময় ৩৮০ বস্তায় থাকা ১৫০ টন সরকারি গমসহ জাহাজটি জব্দ করা হয়।
সরকারি গমগুলো কীভাবে জাহাজে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরটিভি/এমএইচজে


