
রাজবাড়ীর কালুখালীতে সাপের কামড়ে জীবন শেখ (১৪) নামে এক কিশোর আহত হয়েছে। পরে সাপটি মেরে আহত কিশোরকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যান স্বজনরা।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মাধবপুর এলাকার একটি খাবারের হোটেলে এ ঘটনা ঘটে।
আহত জীবন শেখ ওই এলাকার আকমত শেখের ছেলে। সে রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
আহত কিশোর জীবন শেখ জানায়, বাড়ি থেকে বাজারে গিয়ে একটি হোটেলে বসেছিল সে। এ সময় টেবিলের নিচ থেকে তার পায়ে সাপ কামড় দেয়। কামড় দেওয়ার পর পায়ে প্রচণ্ড জ্বালাপোড়া শুরু হয়। পরে তার স্বজনরা সাপটি মেরে তাকে হাসপাতালে নিয়ে যান।
জীবনের ফুফা আজম শেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি সাপে জীবনকে কেটেছে। পরে সাপটি মেরে একটি গাড়ির ব্যবস্থা করে তাকে হাসপাতালে নিয়ে আসি।
সাপটি সঙ্গে নেওয়ার কারণ জানতে চাইলে তিনি আরও বলেন, কোন সাপে কামড় দিয়েছে, তা শনাক্ত করার জন্যই সাপটি হাসপাতালে নিয়ে এসেছি। এতে চিকিৎসকদের চিকিৎসা দিতে সুবিধা হবে বলে মনে করেছি।
আহতের চাচাতো ভাই আনিস বলেন, সাপে কামড় দেওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। পরে স্বজনদের সহযোগিতায় সাপটি মেরে জীবনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসি। এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে সে।
রাজবাড়ী জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের সহকারী সার্জন ডা. মিঠুন সূত্রধর বলেন, সাপটি দেখে প্রাথমিকভাবে গোখরার বাচ্চা বলে মনে হয়েছে। তবে শতভাগ নিশ্চিত করে বলা যাচ্ছে না। কিশোরের শরীরে এখন পর্যন্ত বিষক্রিয়ার কোনো লক্ষণ দেখা যায়নি। কামড়ের স্থানেও তেমন কোনো ক্ষতি হয়নি। তাকে স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
তিনি আরও বলেন, সাধারণত সাপে কাটার পর রোগীকে অন্তত ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। এ সময়ের মধ্যে বিষক্রিয়ার কোনো লক্ষণ দেখা দিলে অ্যান্টিভেনম দেওয়া হবে। হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে এবং প্রয়োজন হলে তা প্রয়োগের প্রস্তুতি রয়েছে।
আরটিভি/এমএইচজে