
নোয়াখালীতে যাত্রীবিহীন দাঁড়িয়ে থাকা আনন্দ পরিবহনের একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটের দিকে বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা গেটের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্যমতে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে সংগঠনটির অজ্ঞাতপরিচয় ৩-৪ জন ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা ঘটনার ভিডিও ধারণ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয় পৌরসভার পাহারাদার, বাসচালকসহ উপস্থিত ব্যক্তিরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাসটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে বাসটি চৌমুহনী বাজারের দিকে চলে যায়।
খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে সেখানে কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে অগ্নিসংযোগের কোনো আলামতও পাওয়া যায়নি।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনাস্থলে আগুনের কোনো আলামত পাওয়া যায়নি। অগ্নিসন্ত্রাস ও নাশকতাসহ যেকোনো অপরাধ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ ও প্রস্তুত রয়েছে।
আরটিভি/আইএম


