
ফেনীর বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) গভীর রাতে শহরের মিজান রোডে আলীয়া মাদ্রাসার সামনে অবস্থিত নির্বাচন অফিসের ফটকে পেট্রল ঢেলে আগুন দেয় অজ্ঞাত সন্ত্রাসীরা। এ সময় তাদের ‘জয়বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।
একইদিন রাতে দাগনভূঞায় একটি মহিলা মাদ্রাসা, সোনাগাজীতে একটি সাব-রেজিস্ট্রি অফিসেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া শহরের এসএসকে সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। তবে এসব ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ দিন রাত ২টার দিকে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া উম্মুল মুমিনীন আয়েশা (রা.) মহিলা আলিম মাদ্রাসার দুটি টিনশেড ঘরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানটির চেয়ার-টেবিলসহ মূল্যবান আসবাবপত্র পুড়ে যায়।
মাদ্রাসা পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম মামুন জানান, নৈশপ্রহরী শাহজাহান আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এসব নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ। একের পর এক অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় জনমনে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাইফুল ইসলাম বলেন, জেলায় যেকোনো ধরনের নাশকতা ও অরাজকতা প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফেনী সদরে চারটি, বিভিন্ন ইউনিয়নে চারটি এবং মহাসড়কে ছয়টি টহল দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।
তিনি আরও বলেন, শহরে সুবিধা করতে না পেরে দুর্বৃত্তরা গ্রামাঞ্চলের জনমানবহীন এলাকায় গিয়ে নাশকতার চেষ্টা করছে। এসব ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
আরটিভি/এমএম




