
বরিশালের মুলাদীতে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৯ নভেম্বর) ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত অপর এক আসামি পলাতক রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সায়েদ সিকদার (৪০) ও জাবরুল সিকদার (২৯)। পলাতক আসামির নাম মাসুম সিকদার (৪২)।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর তিনটি সন্তান রয়েছে। অভিযোগ অনুযায়ী, সায়েদ ও জাবরুল দীর্ঘদিন ধরে তাকে বিভিন্ন সময় উত্ত্যক্ত ও ভয়ভীতি দেখাচ্ছিলেন। শনিবার রাতে ওই নারী ঘরের বাইরে বের হলে আগে থেকে ওত পেতে থাকা অভিযুক্ত ব্যক্তিরা তাকে তুলে নিয়ে যান। পরে তার হাত ও মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনাটি জানার পর মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। ভোরে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে তিনজনকে আসামি করে মুলাদী থানায় মামলা করেছেন।
মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান শুরু করে এবং দুই আসামিকে গ্রেপ্তার করে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আরটিভি/এসএস


