
বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে সোনার দাম। একই সঙ্গে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের মতো অন্যান্য মূল্যবান ধাতুর দামেও উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি দেখা গেছে। ভেনেজুয়েলার সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার জেরে বৈশ্বিক ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতুর দিকে ঝুঁকছেন।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, সোমবার (৫ জানুয়ারি) স্পট মার্কেটে সোনার দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪১১ দশমিক ১৪ ডলারে দাঁড়িয়েছে, যা এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ২ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪১৯ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়েছে।
বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের এক অভিযানে আটক করার খবরে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বেড়েছে। এ ঘটনার পর নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণ ও রুপার চাহিদা বৃদ্ধি পেয়েছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ভূ-রাজনৈতিক ঝুঁকি থেকে সুরক্ষার জন্য বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন, যা মূল্যবান ধাতুর দাম বাড়িয়ে দিচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, সুদের হার হ্রাসের প্রত্যাশা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাপক সোনা ক্রয় এবং এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে বিনিয়োগ বৃদ্ধির ফলে গত বছরে বুলিয়নের দাম ৬৪ শতাংশ বেড়েছে, যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ বার্ষিক প্রবৃদ্ধি। গত ২৬ ডিসেম্বর স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৫৪৯ দশমিক ৭১ ডলারে পৌঁছায়।
এদিকে, রুপার দামেও বড় উল্লম্ফন দেখা গেছে। স্পট সিলভারের দাম ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৫ দশমিক ৮২ ডলারে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র রুপাকে গুরুত্বপূর্ণ খনিজ হিসেবে ঘোষণা করায় শিল্প ও বিনিয়োগ চাহিদা বাড়ছে, তবে সরবরাহ সীমিত থাকায় দাম আরও ঊর্ধ্বমুখী হচ্ছে।
অন্যদিকে, স্পট প্লাটিনামের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২ হাজার ১৯০ দশমিক ৫৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৬৬৭ দশমিক ৪৫ ডলারে দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞদের ধারণা, ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা এবং সুদের হার কমার প্রত্যাশা অব্যাহত থাকলে মূল্যবান ধাতুর বাজারে এই ঊর্ধ্বগতি আরও কিছুদিন বজায় থাকতে পারে।
আরটিভি/এসকে


