
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আবারও সংঘর্ষে জড়িয়েছে। সংঘর্ষের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সংঘর্ষে জড়ায় দুই কলেজের শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, সাইন্সল্যাব মোড়ে পুলিশের ব্যাপক সংখ্যক সদস্য সড়কের মাঝখানে অবস্থান করছেন। মিরপুর সড়কের নিউমার্কেট অংশে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা এবং গ্রিনরোড অংশে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছেন। দু’পক্ষকে শান্ত রেখে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছেন।
জানা যায়, গতকাল বুধবার কলেজ ছুুটির পরে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের এক শিক্ষার্থীকের আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বেঢড়ক মারধর করে। এতে ওই শিক্ষার্থী মাথা ফেটে যায় এবং হাসপাতালে চিকিৎসা নেয়। পরবর্তীতে আজ আহত ওই শিক্ষার্থী মাথায় ব্যান্ডেজ নিয়ে কলেজে আসলে তার সহপাঠিরা ঘটনা শুনে উত্তেজিত হয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সাইন্সল্যাবে ধাওয়া দেয়। তবে আহত ওই শিক্ষার্থীর নাম জানা যাইনি।
আর আগে, গত বছরের মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের বিপরীতে এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থী পরিবহনের বিজয় ৭১ ও শঙ্খনীল নামের দুটি বাস ভাঙচুর করে।
ঘটনার ঠিক এক মাস আগেই নিউমার্কেট থানার মধ্যস্থতায় দুই কলেজের মধ্যে উত্তেজনা নিরসনে হওয়া ‘শান্তি চুক্তি’ বহুল আলোচনায় আসে। সেই অনুষ্ঠানে হাতে গোলাপ আর মুখে বন্ধুত্বের স্লোগানে ভবিষ্যতে আর সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করেছিল উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
গত ৯ নভেম্বর ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটরিয়ামে অনুষ্ঠিত সেই বৈঠকে দুই কলেজের শিক্ষার্থীরা প্রতীকীভাবে পরস্পরকে গোলাপ দিয়ে বরণ করে নেয়। উপস্থিত ছিলেন দুই কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা, সঙ্গে ছিলেন নিউমার্কেট থানার পুলিশের কর্মকর্তারাও। কিন্তু তিন মাসও টিকল না সেই অঙ্গীকার। আজ ফের সংঘর্ষে জড়িয়েছে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আরটিভি/এস




