যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং ২০২৬’-এ ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০টি বিভাগ স্থান পেয়েছে। এটি বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ অর্জন।
শুক্রবার (২৭ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
গতবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯টি বিভাগ র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছিল। বুধবার (২৫ মার্চ) বিষয়ভিত্তিক এ র্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে কিউএস।
প্রতি বছরের মার্চ মাসে তালিকাটি প্রকাশ করা হয়। এবারও র্যাঙ্কিংয়ে আলাদা দুটি ক্যাটাগরি করা হয়েছে। প্রথমত-প্রধান বিষয় (ব্রড সাবজেক্ট), যেখানে পাঁচটি ক্যাটাগরি রয়েছে। এরমধ্যে র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্যাটাগরির স্থান হয়েছে।
দ্বিতীয়ত-নির্দিষ্ট বিষয় (ন্যারো সাবজেক্ট), যেখানে ৫৫টি বিভাগ রয়েছে। এরমধ্যে র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগের স্থান হয়েছে।
কিউএস বিষয়ভিত্তিক র্যাঙ্কিং প্রতিবেদন অনুযায়ী, এবারের ব্রড সাবজেক্ট র্যাঙ্কিংয়ের মধ্যে সোশ্যাল সাইন্স ও ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে বৈশ্বিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩৭১তম। যা বাংলাদেশে প্রথম। এ ক্যাটাগরির অন্তর্ভুক্ত একাউন্টিং অ্যান্ড ফিন্যান্স বিভাগ বৈশ্বিকভাবে ৩০১ থেকে ৩৭৫তমর মধ্যে; ইকোনমিক অ্যান্ড ইকোনমেট্রিকস বিভাগ ৩০১ থেকে ৩৫০তমর মধ্যে এবং বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ৪০১ থেকে ৪৫০-এর মধ্যে অবস্থান করছে।
ন্যাচারাল সাইন্স ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। র্যাঙ্কিংয়ে বৈশ্বিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫০১ থেকে ৫৫০-এর মধ্যে। এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত রসায়ন বিভাগ ৫৫১ থেকে ৬০০-এর মধ্যে; পরিবেশ বিজ্ঞান ৪০১ থেকে ৪৫০-এর মধ্যে; পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যায় ৫০১ থেকে ৫৫০-এর মধ্যে অবস্থান করছে।
লাইফ সাইন্স ও মেডিসিনের ব্রড সাবজেক্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান হয়নি। তবে এ ক্যাটাগরির অন্তর্ভুক্ত জীববিজ্ঞান বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৬৫১ থেকে ৭০০-এর মধ্যে অবস্থান করছে।
ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩৬৪তম। এ ক্যাটাগরির অন্তর্ভুক্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ ৫৫১ থেকে ৬০০-এর মধ্যে; ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ৫০১ থেকে ৫৫০-এর মধ্যে; মেকানিক্যাল, অ্যারোনেটিক্যাল এবং ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং বিভাগ ৫০১ থেকে ৫৭৫-এর মধ্যে অবস্থান করছে।
আরটিভি/এমএ



