দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের জন্য জরুরি বাইক সার্ভিস চালুসহ বিভিন্ন সেবামূলক পরিকল্পনার ঘোষণা দিয়েছে হাবিপ্রবি ছাত্রদল।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, ভর্তি পরীক্ষার দিন যেকোনো জরুরি পরিস্থিতিতে পরীক্ষার্থীদের দ্রুত ক্যাম্পাসে পৌঁছাতে সহায়তা করতে ছাত্রদলের স্বেচ্ছাসেবকরা বাইক সার্ভিস চালু করবে। এই উদ্যোগের মাধ্যমে যানজট, দিকভ্রান্তি বা শারীরিক অসুস্থতার মতো সমস্যায় পড়া পরীক্ষার্থীরা তাৎক্ষণিক সহায়তা পাবে। দিনাজপুর সরকারি কলেজ মোড় থেকে ইমার্জেন্সি বাইক সার্ভিস দিবে ছাত্রদলের স্বেচ্ছাসেবকরা।
হাবিপ্রবি ছাত্রদল আয়োজিত ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ছাত্রদল নেতা সাকিব, রুকু, সুজনসহ অন্যান্য নেতা-কর্মীরা।
ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, বাইক সার্ভিস ছাড়াও তারা পরীক্ষার্থীদের জন্য ১১ দফা সেবামূলক পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে গেটভিত্তিক আগমন ব্যবস্থাপনা, ব্যাগ ও মোবাইল সংগ্রহ বুথ, প্রথম আগতদের জন্য বসার ব্যবস্থা, পানি ও বাথরুমের পর্যাপ্ত সুবিধা, জরুরি ঔষধ সরবরাহ, বাইবেল মার্শাল ও ট্রাফিক নিয়ন্ত্রণ, ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় শব্দ ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক মোতায়েন, যানবাহনের জন্য নির্দেশিকা, পরীক্ষার্থীদের অবস্থান নিশ্চিতকরণ, ক্যাম্পাস পরিষ্কার ও নিরাপত্তা রক্ষায় সমন্বিত সহযোগিতা এবং পেন্ডেল, টেন্ট ও মাঠ প্রস্তুতি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছাত্রদলের অন্যান্য নেতা-কর্মীরা বলেন, আমরা রাজনৈতিক পরিচয় নয়, মানবিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নিয়েছি। পরীক্ষার্থীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সহায়তাপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি তিন দিনব্যাপী হাবিপ্রবি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশ নিবে প্রায় ৯৩ হাজার পরীক্ষার্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও, শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদলের এই উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছে।
আরটিভি/এমএইচজে/




