
ও বিকল্প জ্বালানি বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে গবেষণালব্ধ পাঁচটি উদ্ভাবন নিয়ে জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ অংশ নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলায় বিশ্ববিদ্যালয়ের গবেষণার মাধ্যমে তৈরি প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করা হচ্ছে।
মেলায় যবিপ্রবির প্রদর্শনীতে স্থান পেয়েছে ন্যানো-ইউরিয়া, কৃষি ও খাদ্য নিরাপত্তায় ব্যবহারের উপযোগী স্মার্ট সেন্সর, ন্যানো-ক্যারিয়ার ড্রাগ, পরবর্তী প্রজন্মের জন্য প্রিবায়োটিক এবং সরাসরি পানি থেকে হাইড্রোজেন উৎপাদনের প্রযুক্তি। এসব উদ্ভাবনকে কেন্দ্র করে দর্শনার্থী ও বিভিন্ন পর্যায়ের গবেষকদের মধ্যে আগ্রহ দেখা গেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে শুরু হওয়া এ আয়োজনে যবিপ্রবির প্রতিনিধি দলের নেতৃত্ব ও দিকনির্দেশনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর, উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
মেলায় যবিপ্রবির অংশগ্রহণের অন্যতম আলোচিত উদ্ভাবন ন্যানো-ইউরিয়া। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খানের উদ্ভাবিত এ প্রযুক্তি কৃষিক্ষেত্রে ইউরিয়ার কার্যকারিতা বাড়ানো এবং কৃষকের জন্য আরও কার্যকর সার ব্যবস্থাপনার সম্ভাবনা তৈরি করেছে। এ উদ্ভাবনটি মেলায় প্রদর্শনের জন্য সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমতি পাওয়া তিনটি পণ্যের একটি হিসেবে স্থান পেয়েছে।
যবিপ্রবির গবেষণাভিত্তিক অন্যান্য উদ্ভাবনের মধ্যে রয়েছে কৃষি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে স্মার্ট সেন্সর প্রযুক্তি। পাশাপাশি ওষুধের কার্যকারিতা ও সরবরাহব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্য নিয়ে ন্যানো-ক্যারিয়ার ড্রাগ এবং ভবিষ্যৎ খাদ্য ও স্বাস্থ্যব্যবস্থার সম্ভাবনাকে সামনে রেখে প্রিবায়োটিক প্রযুক্তিও প্রদর্শন করা হচ্ছে।
বিকল্প ও পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের ক্ষেত্রেও যবিপ্রবির গবেষণার একটি উদ্ভাবন মেলায় জায়গা করে নিয়েছে। সরাসরি পানি থেকে হাইড্রোজেন উৎপাদনের প্রযুক্তিটি ভবিষ্যতের জ্বালানি চাহিদা পূরণে নতুন সম্ভাবনার দিক তুলে ধরছে।
মেলায় যবিপ্রবির স্টলে এসব উদ্ভাবন সম্পর্কে জানতে বিভিন্ন পর্যায়ের গবেষক ও দর্শনার্থীরা ভিড় করছেন। বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে তৈরি প্রযুক্তিগুলোকে বাস্তব প্রয়োগ ও বাণিজ্যিক উৎপাদনের পর্যায়ে নেওয়ার বিষয়টিও এবারের অংশগ্রহণে গুরুত্ব পেয়েছে।
যবিপ্রবির প্রতিনিধি দলে রয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. কিশোর মজুমদার, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. সেলিনা আক্তার, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাফিউল হাসান এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা ইয়াসমিন। তাদের সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও মেলায় অংশ নিয়েছেন।
আরটিভি/ এসকেডি




