
শিক্ষার্থীদের জন্য ২৪ ঘণ্টা সুপেয় পানির সুবিধা নিশ্চিত করতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মুন্সী মেহেরুল্লাহ হলে সুপেয় পানির সরবরাহব্যবস্থা ও পানি পরিশোধন কেন্দ্র স্থাপন করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় ৬ টায় এ ব্যবস্থার উদ্বোধন করা হয়। পাশাপাশি অনুষ্ঠানে মুন্সী মেহেরুল্লাহ হলে আয়োজিত অন্তঃহল ক্রীড়া সপ্তাহ-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, হলের দীর্ঘদিনের পানির সমস্যা সমাধানে পাইলট প্রকল্প হিসেবে আধুনিক ফিল্টার স্থাপন করা হয়েছে। আগামী তিন থেকে ছয় মাস এটি পর্যবেক্ষণ করা হবে। এরপর পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সব হলে এ ব্যবস্থা চালু করা হবে। উপাচার্য হিসেবে প্রথমবারের মতো কোনো হলে আসার কথা উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের হলকে নিজেদের দ্বিতীয় বাড়ি মনে করে পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে দ্রুত ওয়াইফাই সংযোগ স্থাপন এবং নিরাপত্তা নিশ্চিত করতে ১০ তলা পর্যন্ত সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়া হলে সুন্দর পরিবেশ বজায় রেখে সম্প্রতি শান্তিপূর্ণভাবে আন্তঃহল ও অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, হল শিক্ষার্থীদের দ্বিতীয় পরিবার। এখানে বিপদে-আপদে সহপাঠী ও কক্ষসঙ্গীরাই সবার আগে পাশে দাঁড়ান। বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের সুপেয় পানির সংকট নিরসনে কাজ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ওয়াটার ট্রিটমেন্ট ইউনিট উদ্বোধন করা হলো। এটি কেবল শুরু, পর্যায়ক্রমে অন্যান্য হলের পানির সমস্যাও সমাধান করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীসহ সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে হল প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার বলেন, বর্তমান প্রশাসনের আন্তরিকতায় হলে প্রথমবারের মতো বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ফিল্টারেশন ইউনিট স্থাপন করা হয়েছে। প্রতিদিন পাঁচ হাজার লিটার পানি পরিশোধনের সক্ষমতাসম্পন্ন এ ইউনিটের মাধ্যমে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টা নিজ নিজ তলা থেকেই সুপেয় পানি পান করতে পারবেন।
পানির অপচয় রোধে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, হলে আধুনিক পাঠকক্ষ, খেলাধুলার কক্ষ, টেলিভিশন কক্ষ ও সিসিটিভি নিরাপত্তাসহ সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে। শুধু নতুন সুযোগ-সুবিধা তৈরি করাই যথেষ্ট নয়; বরং এসব সম্পদের যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাও শিক্ষার্থীদের দায়িত্ব।
এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য, বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরটিভি/ এসকেডি



