ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

নির্ধারিত সময়ে প্রতিশ্রুত অ্যাম্বুলেন্স দিতে পারেনি রাবি শিবির

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি: আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য আধুনিক একটি অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিল শাখা ছাত্রশিবির। শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল জানিয়েছিলেন, গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হবে। তবে নির্ধারিত তারিখ পেরিয়ে গেলেও অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হয়নি।

এর আগে গত ৭ সেপ্টেম্বর মুজাহিদ ফয়সাল তার ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত একটি পোস্ট দেন। পোস্টে শিক্ষার্থীদের জন্য একটি অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন তিনি।

পোস্টে মুজাহিদ ফয়সাল লেখেন, ‘লতিফা রশিদ ফাউন্ডেশন’ ও ‘বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল লিমিটেড’-এর চেয়ারম্যান এবং জামায়াতে ইসলামী নেতা চিকিৎসক এস এম খালিদুজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অ্যাম্বুলেন্সটি উপহার দেবেন। ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে শাখা শিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীব বলেন, আমাদের প্রতিশ্রুত অ্যাম্বুলেন্স চলে আসছে। নির্ধারিত সময়ে ভিসি স্যার উপস্থিত থাকতে না পারায় হস্তান্তর করা সম্ভব হয়নি। আমরা আশা করছি, অতি দ্রুত আমাদের উপহার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে দিতে পারব।

উল্লেখ্য, ছাত্রশিবিরের অ্যাম্বুলেন্স দেওয়ার ঘোষণার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহায়তায় শিক্ষার্থীদের জন্য দুটি আধুনিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অ্যাম্বুলেন্স দুটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অ্যাসাইনমেন্ট থেকে উদ্যোক্তা কুবির তিন শিক্ষার্থী
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে হাঁটলে চোখে পড়ে নানা ধরনের স্টল। কোথাও পোশাক, কোথাও বই, আবার কোথাও খাবার কিংবা কসমেটিকস। এসবের পাশাপাশি নিজেদের তৈরি পণ্য নিয়ে ব্যবসা করছেন বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী। এবার একটি কোর্সের অ্যাসাইনমেন্ট করতে গিয়ে বাস্তব উদ্যোক্তা হয়ে উঠেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তিন বন্ধু। মো. ইয়ামিন আহমেদ, মো. আশরাফুল ইসলাম ও মো. পারভেজ সরকার তিনজনই মার্কেটিং বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাদের উদ্যোগের নাম ‘মডেক্স লেদার অ্যান্ড ফুটওয়্যার’। একটি একাডেমিক কাজের মধ্য দিয়ে শুরু হলেও বর্তমানে এটি বাস্তব ব্যবসায়িক উদ্যোগে রূপ নিয়েছে। উদ্যোক্তারা জানান, ‘প্রিন্সিপলস অব মার্কেটিং’ কোর্সের ‘নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট’ অ্যাসাইনমেন্টে নতুন একটি পণ্য নিয়ে কাজ করার সুযোগ আসে। তখন তারা লেদারের জুতা নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন। কাজ করতে গিয়ে বাংলাদেশের চামড়া শিল্প সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয় তাদের। একপর্যায়ে অ্যাসাইনমেন্টের বিষয়টি ব্যবসায়িক উদ্যোগে রূপ দেওয়ার চিন্তা করেন তারা। অ্যাসাইনমেন্ট করতে গিয়ে তারা ক্যাম্পাসের শিক্ষার্থীদের কিছু বাস্তব সমস্যাও পর্যবেক্ষণ করেন। তাদের মতে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে মানসম্মত লেদারের জুতার পর্যাপ্ত বিক্রয়কেন্দ্র নেই। ফলে প্রয়োজনের সময় শিক্ষার্থীদের শহরে গিয়ে জুতা কিনতে হয়। আবার ভালো মানের জুতা কিনতে গেলে অনেক সময় দাম শিক্ষার্থীদের বাজেটের বাইরে চলে যায়। এই বাস্তবতা থেকেই শিক্ষার্থীদের কথা মাথায় রেখে মানসম্মত জুতা তুলনামূলক সাশ্রয়ী দামে সরবরাহের উদ্যোগ নেন তারা। পাশাপাশি বাংলাদেশের চামড়া শিল্প সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং ভবিষ্যতে এ খাতে কাজ করার লক্ষ্যও রয়েছে তাদের। এ বিষয়ে পারভেজ সরকার বলেন, আমাদের ‘মডেক্স লেদার অ্যান্ড ফুটওয়্যার’-এর শুরুটা কোনো ব্যবসায়িক পরিকল্পনা দিয়ে নয়, বরং একটি অ্যাসাইনমেন্টের হাত ধরে। ‘প্রিন্সিপলস অব মার্কেটিং’ কোর্সের ‘নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট’ অ্যাসাইনমেন্ট করতে গিয়ে বাংলাদেশের চামড়া শিল্প সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়। পরে আমরা ক্যাম্পাসের শিক্ষার্থীদের বাস্তব প্রয়োজনগুলো পর্যবেক্ষণ করি। তিনি বলেন, ক্যাম্পাস এলাকায় মানসম্মত লেদারের জুতা সহজে পাওয়া যায় না। আবার ভালো ব্র্যান্ডের পণ্য অনেক সময় শিক্ষার্থীদের বাজেটের বাইরে চলে যায়। তাই শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী দামে মানসম্মত পণ্য দেওয়ার চিন্তা থেকেই আমাদের উদ্যোগের শুরু। ভবিষ্যতে এটিকে আরও বড় পরিসরে নিয়ে যেতে চাই। একটি কোর্সের অ্যাসাইনমেন্ট থেকে শুরু হওয়া এই উদ্যোগ এখন তিন বন্ধুর উদ্যোক্তা হওয়ার গল্প। ছোট পরিসরে শুরু হলেও অভিজ্ঞতা ও বাস্তব কাজের মধ্য দিয়ে উদ্যোগটিকে আরও এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন তারা। আরটিভি/টিআর
অ্যাসাইনমেন্ট থেকে উদ্যোক্তা কুবির তিন শিক্ষার্থী
যবিপ্রবির ‘জাস্ট ডিরেক্টরি’ অ্যাপে ইন্টারনেট ছাড়াও মিলবে সেবা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অফিসিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপ ‘জাস্ট ডিরেক্টরি’-তে যুক্ত হয়েছে নতুন ‘অফলাইন ডায়েরি’ সুবিধা। এর মাধ্যমে ইন্টারনেট সংযোগ ছাড়াই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন দপ্তরের সংরক্ষিত যোগাযোগ নম্বর খুঁজে পাওয়া যাবে। নতুন সুবিধা যুক্ত করার পর দুই দিন বন্ধের শেষে বুধবার (১৬ সেপ্টেম্বর) অ্যাপটি পুনরায় চালু করা হয়েছে। ‘জাস্ট ডিরেক্টরি’ অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড ও আপডেট করা যাবে। অ্যাপটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যক্তি ও দপ্তরের প্রয়োজনীয় যোগাযোগের তথ্য এক জায়গায় সংরক্ষণ করা হয়েছে। ফলে নাম, পদবি কিংবা দপ্তরের নাম দিয়ে সহজেই কাঙ্ক্ষিত ব্যক্তির তথ্য খুঁজে বের করার পাশাপাশি সরাসরি ফোন কল ও ই-মেইল করার সুবিধাও রয়েছে। নতুন যুক্ত হওয়া ‘অফলাইন ডায়েরি’ সুবিধার ফলে জরুরি মুহূর্তে ইন্টারনেট সংযোগ না থাকলেও অ্যাপে সংরক্ষিত নম্বরগুলো অনুসন্ধান করা যাবে। বিশেষ করে ক্যাম্পাসের বাইরে বা এমন স্থানে, যেখানে ইন্টারনেট সংযোগ পাওয়া কঠিন, সেখানে প্রয়োজনীয় যোগাযোগ নম্বর দ্রুত খুঁজে পেতে সুবিধাটি কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। যবিপ্রবির প্রথম অফিসিয়াল ডিরেক্টরি অ্যাপ হিসেবে ‘জাস্ট ডিরেক্টরি’-তে শুধু যোগাযোগের তথ্যই নয়, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, নোটিশ, বিভিন্ন বিভাগ, স্নাতক ভর্তি কার্যক্রমসহ প্রয়োজনীয় বিভিন্ন সেবা ও লিংক যুক্ত রয়েছে। শিক্ষার্থীদের জন্য ডিআইসিএস ও পরীক্ষা-সংক্রান্ত পোর্টালেও প্রবেশের সুযোগ রাখা হয়েছে। এসব পোর্টালের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক সেবা গ্রহণ করতে পারেন। অ্যাপটির ডেভেলপার ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মো. আবদুর রহিম বলেন, আগে বিভিন্ন দপ্তরের প্রয়োজনীয় নম্বর খুঁজতে হার্ড কপি ডায়েরি বের করে আলাদাভাবে খুঁজতে হতো। সব নম্বর একসঙ্গে পাওয়া যেত না। সেই প্রয়োজন থেকেই বিশ্ববিদ্যালয়ের সব যোগাযোগ নম্বর একটি জায়গায় রাখার চিন্তা থেকে ‘জাস্ট ডিরেক্টরি’ তৈরি করা হয়। শুরুতে অ্যাপটি ব্যবহারের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হতো। কিন্তু অনেক সময় ব্যবহারকারীরা ইন্টারনেটের বাইরে থাকেন, অথচ তখনই জরুরি কোনো নম্বরের প্রয়োজন হতে পারে। ব্যবহারকারীদের এই বিষয়টি বিবেচনায় নিয়ে ‘অফলাইন ডায়েরি’ সুবিধা যুক্ত করা হয়েছে। এ বিষয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহনাফ আবিদ মাহি বলেন, জাস্ট ডিরেক্টরিতে অফলাইন ডায়েরি সুবিধা যুক্ত হওয়াটা শিক্ষার্থীদের জন্য বেশ কাজে দেবে। অনেক সময় বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, কর্মকর্তা বা দপ্তরের নম্বর জরুরি প্রয়োজনে প্রয়োজন হয়, কিন্তু তখন ইন্টারনেট সংযোগ পাওয়া যায় না। সে ক্ষেত্রে ইন্টারনেট ছাড়াই প্রয়োজনীয় নম্বর খুঁজে পাওয়া গেলে সময় বাঁচবে এবং ভোগান্তিও কমবে। বিশেষ করে ক্যাম্পাসে কিংবা বাইরে জরুরি প্রয়োজনে শিক্ষার্থীদের জন্য সুবিধাটি বেশ উপকারী হবে। ‘অফলাইন ডায়েরি’ সুবিধাটি ব্যবহার করতে গুগল প্লে স্টোর থেকে ‘জাস্ট ডিরেক্টরি’ অ্যাপের সর্বশেষ সংস্করণে আপডেট করতে হবে। আর যারা আগে অ্যাপটি ব্যবহার করেননি, তারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নতুন সুবিধাসহ ব্যবহার করতে পারবেন। আরটিভি/টিআর
যবিপ্রবির ‘জাস্ট ডিরেক্টরি’ অ্যাপে ইন্টারনেট ছাড়াও মিলবে সেবা
জবির বাসে র‍্যাগিং ও সিট দখল ঠেকাতে প্রশাসনের কঠোর নির্দেশনা
বুধবার (১৭ সেপ্টেম্বর) পরিবহন অফিসের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বাসে সিট দখল, ঝগড়া-বিবাদ, গালাগালি, অশোভন আচরণ কিংবা অন্য কোনো শিক্ষার্থীকে হয়রানি না করার কথা বলা হয়েছে।
জবির বাসে র‍্যাগিং ও সিট দখল ঠেকাতে প্রশাসনের কঠোর নির্দেশনা
গণ বিশ্ববিদ্যালয়ে ‘রিডিউস প্লাস্টিক, গো গ্রিন’ কর্মসূচি পালন
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ‘রিডিউস প্লাস্টিক, গো গ্রিন’ প্রতিপাদ্যে কর্মসূচি পালিত হয়েছে। এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে পাঁচটি প্লাস্টিকের বোতলের বিনিময়ে একটি করে চারাগাছ বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩৪তম ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘রিডিউস প্লাস্টিক, গো গ্রিন’ কর্মসূচিটি একটু ব্যতিক্রমধর্মী। আমরা জানি, আমাদের দেশের অবস্থা কী। প্রচণ্ড গরমে নাগরিকদের অবস্থা বেহাল। একটি দেশের ২৫ শতাংশ বনাঞ্চল থাকা উচিত, কিন্তু তার তুলনায় আমাদের দেশে অনেক কম পরিমাণ বনাঞ্চল রয়েছে। এ উদ্যোগের মাধ্যমে সবাই গাছ লাগাতে অনুপ্রাণিত হবে বলে আশা করি। আয়োজন সম্পর্কে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা সিদ্দিকা বলেন, যেকোনো জিনিস অপচয় না করে তা পুনরায় ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর পরিবেশ উপহার দিতে পারি। ডা. জাফরুল্লাহ চৌধুরী এমন একজন ব্যক্তি ছিলেন, যিনি কখনো কোনো কিছু অপচয় করতেন না। এই কর্মসূচির মাধ্যমে ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি একাত্মতা প্রকাশ করছি। আয়োজকদের পক্ষে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মারুফা ইসলাম জানান, আমাদের ইংরেজি বিভাগের উদ্যোগে ‘রিডিউস প্লাস্টিক, গো গ্রিন’ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য হলো ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর পরিবেশ উপহার দেওয়া। পাঁচটি প্লাস্টিকের বোতলের বিনিময়ে আমরা একটি চারাগাছ দিচ্ছি। এর ফলে আমাদের আশপাশের পরিবেশ প্লাস্টিকমুক্ত হয়ে যাবে। আর বেশি বেশি গাছ লাগালে তা আমাদের পরিবেশের জন্য খুবই উপকারী। আমরা ভাবিনি এত শিক্ষার্থী সমাগম হবে। এত শিক্ষার্থীর সমাগম দেখা অনেক আনন্দের বিষয়। কার্যক্রমে অংশগ্রহণকারী ফার্মেসি বিভাগের শিক্ষার্থী জিহাদ হোসেন বলেন, বর্তমান পরিস্থিতির ভিত্তিতে ‘রিডিউস প্লাস্টিক, গো গ্রিন’ উদ্যোগটি খুবই প্রশংসনীয়। এর মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যতের জন্ম হবে। আমরা চাই, এমন কর্মসূচি আরও হোক। সার্বিক বিষয়ে ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক নিরঞ্জন বিশ্বাস বলেন, বর্তমান বিশ্বে, বিশেষ করে আগামী প্রজন্মের জন্য সবচেয়ে বড় সংকট হচ্ছে অক্সিজেনের সংকট। একদিকে অক্সিজেনের উৎসগুলো নানা প্রাকৃতিক বিপর্যয় ও মানুষের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে আধুনিক জীবনযাপনে কার্বন উৎপাদন বাড়ছে। তাই পরিবেশ রক্ষায় আমাদের দায়িত্বশীল হতে হবে। আমাদের বিভাগের অষ্টম সেমিস্টারের বিদায়ী শিক্ষার্থীরা উদ্ভাবনী কিছু করার চিন্তা থেকে এই কর্মসূচির উদ্যোগ নেয়। পাঁচটি প্লাস্টিকের বোতলের বিনিময়ে একটি করে গাছ দেওয়ার ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীরা নিজেরাই ফান্ড তৈরি করে এ উদ্যোগ বাস্তবায়ন করেছে। উল্লেখ্য, অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ বিতরণ করা হয়। আরটিভি/টিআর
গণ বিশ্ববিদ্যালয়ে ‘রিডিউস প্লাস্টিক, গো গ্রিন’ কর্মসূচি পালন
মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির পূর্ণাঙ্গ কমিটির সভাপতি জাহিদ, সাধারণ সম্পাদক হৃদয়
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) সাংবাদিক সমিতির ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদের ১৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দৈনিক ইনকিলাব-এর প্রতিনিধি এস. এম. জাহিদ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে ভোরের ডাক-এর প্রতিনিধি হৃদয় হোসাইন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন টাইমস অব বাংলাদেশ-এর প্রতিনিধি মো. এরশাদ এবং মানবজমিন-এর প্রতিনিধি মেহেদী হাসান খান সিয়াম। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিক সমিতির অফিসিয়াল পেজে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। মাভাবিপ্রবি সাংবাদিকদের ভোটের মাধ্যমে নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ২৫০তম সভার ৩(ঙ) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক অনুমোদন দেওয়া হয়। গত ২২ জানুয়ারি এই কমিটির যাত্রা শুরু হয়েছিল। কমিটির অন্য পদাধিকারীরা হলেন—যুগ্ম সম্পাদক: মো. নাজমুল হাসান ভূঁইয়া (চ্যানেল ২১), রায়হান আহমেদ (আজকের বাংলা); সাংগঠনিক সম্পাদক: হাসিব মাহমুদ প্রিন্স (কালবেলা, বাংলাভিশন); সহসাংগঠনিক সম্পাদক: মো. তকী তাহমিদ (কালের কণ্ঠ), জিসান রহমান (ফেইস দ্য পিপল, আগামীর সময়); কোষাধ্যক্ষ: সমাপ্তি খান (যায়যায়দিন); দপ্তর সম্পাদক: আতিক মাহবুব তাঞ্জিম (আরটিভি, এদিন); উপদপ্তর সম্পাদক: সাকিব আল হাসান (চ্যানেল ২৪, তালাশ বিডি), আল শাহারিয়ার ইমন (যুগান্তর, ঢাকা মনিটর); প্রচার সম্পাদক: হৃদয় হোসাইন (কাগজের বার্তা); উপপ্রচার সম্পাদক: ইমতিয়াজ আহমেদ ইমন (গণকণ্ঠ), এবিএস রবিন (স্বদেশ প্রতিদিন)। এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাজ্জাদুল ইসলাম সৈকত (দেশের কথা), আবিদ ফেরদৌস মিয়া (রাইজিং বিডি) ও মীর মাহফুজারা রহমান (বিডি টুডেস)। পূর্ণাঙ্গ কমিটির নির্বাচিত সভাপতি এস. এম. জাহিদ হোসেন তাঁর প্রতিক্রিয়ায় ক্যাম্পাস সাংবাদিকতার পেশাগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখার অঙ্গীকার করেন। সাধারণ সম্পাদক হৃদয় হোসাইন বলেন, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার ভিত্তিতে কাজ করে মাভাবিপ্রবি সাংবাদিক সমিতিকে আরও গতিশীল ও সক্রিয় সংগঠনে রূপান্তর করা হবে। পূর্ণাঙ্গ এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ ছাড়া মাভাবিপ্রবি ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্রশক্তি, গণতান্ত্রিক ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, এই কমিটির নেতৃত্বে মাভাবিপ্রবি সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও ইতিবাচক কর্মকাণ্ড দেশবাসীর সামনে তুলে ধরতে আরও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। আরটিভি/টিআর
মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির পূর্ণাঙ্গ কমিটির সভাপতি জাহিদ, সাধারণ সম্পাদক হৃদয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করার হুমকি দিলেন ট্রেনের টিটি 
ছেলের ভর্তি পরীক্ষায় পরিদর্শকের দায়িত্বে রাবি অধ্যাপক, অতঃপর... 
৮ দাবি নিয়ে ইবিতে সংবাদ সম্মেলন