
বাংলাদেশের সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমির (Blue Economy) উন্নয়নে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (BMU) শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহির নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অগ্রগতি, ব্লু ইকোনমিতে দক্ষ পেশাজীবী হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলা এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় শিক্ষামন্ত্রী বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি উচ্চশিক্ষায় গবেষণার অগ্রগতি ও সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দেশের ব্লু ইকোনমির অগ্রযাত্রায় নেতৃত্ব দেবে বলে তিনি আশাবাদী। ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন সামুদ্রিক দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মেরিটাইম হাব হিসেবে গড়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আরটিভি/ এসকেডি




