ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ভোরের নীরবতায় চবির হলে মায়া হরিণের দেখা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম

পাহাড়, ঝরনা আর সবুজের নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ভোরের নীরবতায় দেখা মিলেছে একটি মায়া হরিণের। লোকালয়ের কাছাকাছি হরিণটির এমন বিচরণ ক্যাম্পাসের জীববৈচিত্র্যের এক অনন্য দৃশ্য হয়ে ধরা দিয়েছে এক শিক্ষার্থীর ক্যামেরায়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর পৌনে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের খোলা উঠোনে হরিণটিকে ঘোরাফেরা করতে দেখা যায়। দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন হলটির বাসিন্দা ও হল সংসদের নির্বাহী সদস্য উম্মে হাবিবা।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে উম্মে হাবিবা বলেন, সকাল ৬টার দিকে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে ছিলাম। হঠাৎ দূরে হরিণের মতো একটি প্রাণী চোখে পড়ে। তবে তখনো স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। প্রাণীটি কিছু একটা খাচ্ছিল। প্রথমে মনে হয়েছিল কুকুর কিংবা বুনো ছাগল। পরে তার মাথা ওঠানো-নামানোর ধরন দেখে বুঝতে পারি, এটি সম্ভবত একটি হরিণ। এরপর কৌতূহল সামলাতে না পেরে হলের চতুর্থ তলা থেকে দ্রুত নিচে নেমে যাই।

নিচে নেমে হরিণটিকে আরও কাছ থেকে দেখতে পান তিনি। সেই মুহূর্তের বর্ণনা দিয়ে উম্মে হাবিবা বলেন, নিচে গিয়ে দেখি, মাঝারি আকৃতির একটি মায়া হরিণ দূরের ঝোপঝাড়ের পাশে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সেটি ধীরে ধীরে এগিয়ে আসে। কিছুক্ষণ সে আমার দিকে অপলক তাকিয়ে ছিল। মুহূর্তটি এতটাই বিস্ময়কর ছিল যে, আমিও স্থির হয়ে গিয়েছিলাম।

কিছুক্ষণ পর হরিণটি আবার পাহাড়ের দিকে চলে যায়। উম্মে হাবিবা বলেন, এরপর হঠাৎ কী ভেবে যেন দৌড়ে পাহাড়ের দিকে চলে যায়। এত কাছ থেকে তাকে দেখেছি যে, আমার দিকে এগিয়ে আসা ও তাকিয়ে থাকার ভঙ্গি দেখে একসময় আমিই কিছুটা ভয় পেয়ে আর সামনে এগোতে পারিনি।

ঘটনাটিকে বিশ্ববিদ্যালয়জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ক্যাম্পাস জীবনের সবচেয়ে স্মরণীয় দৃশ্যগুলোর একটি হয়ে থাকবে এই মুহূর্তটি। মাঝে মাঝে ভাবি, ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়ার সময় হয়েছে, অথচ চোখে পড়ার মতো তেমন কিছুই তো দেখলাম না। হয়তো আল্লাহ আমার সেই আক্ষেপটুকুও কবুল করে নিয়েছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিস্তৃত পাহাড়ি ও বনাঞ্চলে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর আবাস রয়েছে। এসব প্রাণীর আবাস ও বিচরণস্থল নিরাপদ রাখা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা।

চবির প্রাণিবিদ্যা বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ড. ফরিদ আহসান বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। হরিণগুলোর বিচরণস্থল অবাধ ও নিরাপদ রাখতে হবে। বিকেলে ক্যাম্পাসের গহিনে প্রাণীদের চলাচলের এলাকায় হাঁটাহাঁটি করা যাবে না।

ক্যাম্পাসে আগে বিভিন্ন সময়ে মায়া হরিণের দেখা মিললেও বর্তমানে লোকালয়ের কাছাকাছি তাদের উপস্থিতি তুলনামূলকভাবে কম চোখে পড়ে। এমন পরিস্থিতিতে হরিণসহ বন্যপ্রাণীর স্বাভাবিক আবাসস্থল ও চলাচলের পথ রক্ষায় সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নানা আয়োজনে খুবিতে বিশ্ব বসতি দিবস পালিত
‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস-২০২৬ পালিত হয়েছে। 
নানা আয়োজনে খুবিতে বিশ্ব বসতি দিবস পালিত
হসপিটাল থেকে সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য 
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে চট্টগ্রাম সার্কিট হাউসে স্থানান্তর করা হয়েছে।
হসপিটাল থেকে সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য 
২৮তম হয়েও বিসিএস গেজেটে নেই নাম, ‘ক্রসফায়ারে দিয়ে দেন’ বাকৃবি শিক্ষার্থীর পোস্ট
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে মৎস্য ক্যাডারে সুপারিশপাপ্ত হন তিনি। মেধা তালিকায় তার স্থান ছিল ২৮তম। তবে সদ্য প্রকাশিত গেজেটে নিজের নাম না পেয়ে হতাশ মনির।
২৮তম হয়েও বিসিএস গেজেটে নেই নাম, ‘ক্রসফায়ারে দিয়ে দেন’ বাকৃবি শিক্ষার্থীর পোস্ট
বিতর্কের মধ্যে জবিতে গরুভোজ কর্মসূচি ঘোষণা জকসু এজিএসের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্যাম্পাসে পশু জবাই নিয়ে প্রশাসনের নির্দেশনাকে কেন্দ্র করে বিতর্ক ও বিক্ষোভের মধ্যে এবার ‘জবিয়ানদের গরুভোজ’ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন  জকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা। এ কর্মসূচি আয়োজনের জন্য ১ লাখ ২৫ হাজার টাকায় একটি গরু কেনা হয়েছে।
বিতর্কের মধ্যে জবিতে গরুভোজ কর্মসূচি ঘোষণা জকসু এজিএসের
‘গরু জবাই’ নিয়ে যা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মন্দিরের কাছে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্নার ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে।
‘গরু জবাই’ নিয়ে যা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
আরও পড়ুন
চবি শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স দিল চাকসু
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
হঠাৎ চাকসুতে দ্বন্দ্ব, এজিএসকে ১০ কোটি টাকার চ্যালেঞ্জ জিএসের
পরীক্ষার মধ্যেও দফায় দফায় লোডশেডিং, দুর্ভোগে চবি শিক্ষার্থীরা