
হিট প্রজেক্টের আওতাধীন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী ‘সুপার রেজোলিউশন মাইক্রোস্কোপ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান একাডেমিক ভবনের ৩৪৪ নম্বর কক্ষে এ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কর্মশালাটি আগামী ৫ অক্টোবর পর্যন্ত চলবে।
প্রশিক্ষণ কর্মশালায় ইবির বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আহসান এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তোজাম্মেল ইসলাম। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন লেইকা মাইক্রোসিস্টেমসের ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের অ্যাডভান্সড অ্যাপ্লিকেশন সাপোর্ট কর্মকর্তা ড. মনোজ মান্না। তিনি স্লাইড প্রদর্শনের মাধ্যমে মাইক্রোস্কোপের বিভিন্ন কাজ তুলে ধরেন।
ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, আমাদের কেন্দ্রীয় ল্যাবরেটরিতে কনফোকাল লেজার স্ক্যানিং মাইক্রোস্কোপ আছে। যেটা আমার বিভিন্ন কলিগ ও গবেষকেরা ব্যবহার করছেন। আমার ল্যাবে কয়েকটি ভালো মাইক্রোস্কোপ আছে, যেগুলো প্রতিনিয়ত ব্যবহৃত হচ্ছে এবং এগুলো খুবই ভালো মানের। আমরা যদি এগুলো ব্যবহার করে ভালো কিছু করতে না পারি, তাহলে এটা আমাদের ব্যর্থতা।
গবেষকদের উৎসাহিত করে তিনি বলেন, সমাজ বা বিজ্ঞানের কল্যাণে আসে—এমন যদি আপনার কোনো আইডিয়া থাকে, কিন্তু অর্থ না থাকে, তাহলে আপনি আমাদের সঙ্গে কোলাবোরেশন করে কাজ করেন। পাশাপাশি আপনার যদি অর্থ থাকে, তাহলে আপনি আমাদের কাছ থেকে টেকনিক্যাল সাপোর্ট নিতে পারেন।
উল্লেখ্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বাস্তবায়নাধীন Higher Education Acceleration and Transformation (HEAT) প্রকল্পের অধীন SP:13659, Window:3a উপ-প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে SPM, HEAT Sub-Project-এর ‘Discovery of Drug Against Cancer through the Regulation of Autophagy’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
আরটিভি/টিআর



