
প্রতিবেশী দেশ নাখোশ হবে—এমন চিন্তা থেকে বিগত আওয়ামী লীগ সরকার দেশের সমুদ্রসীমা থেকে গ্যাস উত্তোলনের উদ্যোগ নেয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
রোববার (৪ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আধুনিকায়ন করা কেন্দ্রীয় মিলনায়তন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আবদুস সালাম বলেন, দেশের সমুদ্রসীমায় গ্যাসের সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রতিবেশী দেশ অসন্তুষ্ট হতে পারে—এমন বিবেচনায় সমুদ্র থেকে গ্যাস উত্তোলনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
এছাড়াও দেশের ব্যাংকিং খাতের পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। আবদুস সালাম বলেন, বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ব্যাংকগুলো লুট করেছে। এতটাই লুট করেছে যে, কিছু ব্যাংক গ্রাহকদের পাঁচ হাজার টাকা পর্যন্ত দিতে পারছে না। এরকম অবস্থার মধ্যেই তারেক রহমান দায়িত্ব নেন। গত ১৭ বছরের এসব অনিয়ম কাটিয়ে দেশকে সমৃদ্ধ করতে বর্তমান সরকার কাজ করছে।
উল্লেখ্য, অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
আরটিভি/এমএম




