
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (২৪ সিরিজ) শিক্ষার্থীদের শতভাগ আবাসিক সুবিধা নিশ্চিত করতে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রকাশিত তালিকায় রেজাল্টের ভিত্তিতে সিরিজটির শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত আসন ও আবাসিক হল নির্ধারণ করা হয়েছে।
এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির ২৪ সিরিজের সকল শিক্ষার্থী সহ চার ব্যাচের সব শিক্ষার্থীকে আবাসিকতার আওতায় আনা হয়েছে। উল্লেখ্য বর্তমান প্রশাসনের পদক্ষেপে ইতিমধ্যেই নারী শিক্ষার্থীদের শতভাগ আবাসন সুবিধা নিশ্চিত করা হয়েছে। ফলে এ সুবিধার অধীনে নতুন সিরিজটির সম্পূর্ণ অন্তর্ভুক্তি রুয়েটের আবাসন সক্ষমতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
রোববার (৪ অক্টোবর) প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১০ অক্টোবরের মধ্যে নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে হলের আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন সম্পন্নের পর পূরণকৃত ফরম সংশ্লিষ্ট হল অফিসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২৪ সিরিজের শিক্ষার্থীরা শহীদ লে. সেলিম হল, শের-ই-বাংলা এ. কে. ফজলুল হক হল, শহীদ আবদুল হামিদ হল, শহীদ শহীদুল ইসলাম হল, ছাত্র হল-১ এবং ছাত্র হল-৩ হল গুলোতে আসন বরাদ্দ পেয়েছেন। তালিকায় থাকা ৪৪৬ শিক্ষার্থীর প্রত্যেকের বিপরীতেই নির্ধারিত হলের নাম উল্লেখ রয়েছে।
বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের রুমমেট পছন্দের ফরম পূরণ এবং নির্ধারিত ফি জমা দেওয়ার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন আবেদনকারীদের জন্য আবেদন ফি ৭ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি হল বরাদ্দের ক্ষেত্রে রুয়েটের আবাসিক হল সংক্রান্ত নীতিমালা অনুসরণ করতে বলা হয়েছে।

এছাড়াও শিক্ষার্থীদের যৌন হয়রানি প্রতিরোধ নীতিমালা, হলের নির্দেশনা, সাইবার বুলিং প্রতিরোধ সংক্রান্ত নির্দেশিকা এবং একাডেমিক কাউন্সিলের শিক্ষার্থী নির্দেশিকা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত শর্ত পূরণ না হলে বরাদ্দকৃত আসন বাতিল করার অধিকার রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩ অক্টোবর হল বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট হল অফিস অথবা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
একই সঙ্গে ২৪ সিরিজের এই অ্যালোটমেন্টের মাধ্যমে সকল নারী শিক্ষার্থী এবং চার ব্যাচের সব শিক্ষার্থী আবাসিকতার আওতায় আসা রুয়েটে আবাসন সুবিধা সম্প্রসারণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্নের শেষে ১৩ অক্টোবর থেকেই শিক্ষার্থীরা হলের বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবেন।
আরটিভি/এমএ




