
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সেন্ট্রাল ক্যাফেটারিয়ার খাবারে মধ্যে কেড়া পোকা পাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে ক্যাফেটারিয়ায় খাবার খাওয়ার সময় তরকারির মধ্যে কেড়া পোকা পাওয়ার এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, আজ বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের চতুর্থ বর্ষ, প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শেষে দুপুরের খাবার খেতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগের কয়েকজন শিক্ষার্থী ক্যাফেটেরিয়ায় যান। দীর্ঘ অপেক্ষার পর খাবার হাতে পেয়ে খেতে বসলেই ভুক্তভোগী শিক্ষার্থী রুহুল আমিন খাবারের মধ্যে কেড়া পোকা দেখতে পান।
রুহুল আমীন জানান, প্রায় আধা ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর যখন খাবার হাতে পেলাম, তখন দেখি খাবারের মধ্যে একটি বড় আকারের কেড়া পোকা রয়েছে। সকাল থেকে পরীক্ষা দিয়ে এসে যদি এমন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার গ্রহণ করতে হয় এবং খাবারের মধ্যে এ ধরনের পোকা পাওয়া যায়, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা কোথায় যাব?
রুহুল আমীন আরও বলেন, পোকা পাওয়ার পর আমরা কয়েকজন বন্ধু মিলে বিষয়টি নিয়ে ক্যাফেটেরিয়ার কর্মচারীদের কাছে অভিযোগ জানালে তারা আমাদের আশ্বস্ত করার পরিবর্তে তারা বলেন, “যা ইচ্ছা তাই করেন, যাকে পারেন বিচার দেন।” এ ধরনের আচরণে আমরা আরও হতাশ হয়েছি।’
রুহুল আমীনের অভিযোগের বিষয়ে জানতে ক্যাফেটেরিয়ার ম্যানেজার সোহানকে একাধিকবার ফোন দিলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।।
সার্বিক বিষয়ে সেন্ট্রাল ক্যাফেটেরিয়ার প্রশাসক ড. মো. একরামুল ইসলাম বলেন, এবিষয়ে আমি তাঁদের সঙ্গে কথা বলেছি। হয়তোবা রান্নার পরে পোকাটি এসেছিলো। কারণ, আগে পোকাটি পড়লে তো সিদ্ধ হয়ে সব শেষ হয়ে যেত। আমি ক্যাফেটেরিয়ার সবাইকে বলেছি, পরবর্তীতে তাঁরা যেন এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকে।



