
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের প্রযুক্তি ও গবেষণার সুযোগ বাড়াতে সাইবার ক্যাফে অ্যান্ড ডিজিটাল লার্নিং হাব চালু করেছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। চাকসু ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত এ হাবে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য রাখা হয়েছে উচ্চ কনফিগারেশনের ১০টি কম্পিউটার।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে হাবটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান এবং চাকসুর সহসভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি।
উদ্বোধনের পর হাবটি ঘুরে দেখেন অতিথিরা। সংশ্লিষ্টরা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে অনলাইন শিক্ষা ও গবেষণার পাশাপাশি বিভিন্ন সফটওয়্যারনির্ভর কাজ এবং প্রযুক্তিসংশ্লিষ্ট কার্যক্রমের সুযোগ পাবেন। শুধু কম্পিউটার ব্যবহারের সুবিধাতেই কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না। শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা বাড়াতে বিভিন্ন সময়ে কোর্স, প্রশিক্ষণ ও কর্মশালাও আয়োজনের পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান এ উদ্যোগের জন্য চাকসু প্রতিনিধিদের ধন্যবাদ জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করা এবং গবেষণা ও ডিজিটাল দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
হাবটিতে থাকা ১০টি উচ্চ কনফিগারেশনের কম্পিউটার শিক্ষার্থীদের গবেষণা, অনলাইন শিক্ষা ও সফটওয়্যারভিত্তিক বিভিন্ন কাজে সহায়ক হবে বলে জানান উপাচার্য। পাশাপাশি এখানে নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হলে শিক্ষার্থীরা প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নিজেদের অন্যান্য প্রয়োজনীয় দক্ষতাও বাড়াতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
চাকসু থেকে জানানো হয়, ডিজিটাল দক্ষতার পাশাপাশি শিক্ষার্থীদের যোগাযোগ, নেতৃত্ব ও প্রেজেন্টেশন দক্ষতা এবং ক্যারিয়ার প্রস্তুতির মতো বিষয়গুলো নিয়েও হাবটিতে কাজ করার পরিকল্পনা রয়েছে। এ জন্য পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করা হবে।
অনুষ্ঠানে চাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিবসহ ছাত্র সংসদের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরটিভি/টিআর



