
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ওয়েট প্রসেস ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বুটেক্স-আইটিইটি ডাই কেম এক্সপো ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ৮ ও ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে এ আয়োজন।
টেক্সটাইল কেমিক্যাল প্রস্তুতকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান, শিল্পসংশ্লিষ্ট ব্যক্তি, শিক্ষক, অ্যালামনাই ও শিক্ষার্থীদের একই প্ল্যাটফর্মে যুক্ত করার লক্ষ্য নিয়ে এ এক্সপোর আয়োজন করা হয়েছে। দুই দিনের আয়োজনে থাকছে কেমিক্যাল প্রদর্শনী, প্যানেল আলোচনা, পোস্টার উপস্থাপনাসহ বিভিন্ন একাডেমিক ও পেশাগত কার্যক্রম।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে প্রথম দিনের কার্যক্রম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এম. শাহিদ উদ্দিন চৌধুরী এনি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ওয়ান কম্পোজিট মিলস লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন মিয়া, অটো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবদুস সোবহান, সিআইপি এবং আইটিইটি বাংলাদেশের সভাপতি প্রকৌশলী মো. এনায়েত হোসেন।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংসদ সদস্য প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি, সংসদ সদস্য প্রকৌশলী মাহবুবা হাকিম, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, আইটিইটি বাংলাদেশের সভাপতি প্রকৌশলী মো. এনায়েত হোসেন এবং আইটিইটি বাংলাদেশের মহাসচিব প্রকৌশলী এ এস এম হাফিজুর রহমান নিক্সন।
অনুষ্ঠানে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ফুকালার ফিউচার লিমিটেড। এ ছাড়া প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে ইম্পেরিয়াল ও ওরিয়েন্ট ডাইস্টাফ অ্যান্ড অক্সিলিয়ারিজ কো. লিমিটেড, গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে অ্যার্ক্রোমা ও সিএইচটি এবং সিলভার স্পন্সর হিসেবে রয়েছে বায়োস্ফিয়ার কনসার্ন ও ইমটেক্স সলিউশনস বিডি লিমিটেড। পাশাপাশি এবারের এক্সপোতে মোট ৩০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এতে দেশি-বিদেশি বিভিন্ন টেক্সটাইল কেমিক্যাল প্রতিষ্ঠান তাদের পণ্য, প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শন করবে।
আয়োজকদের প্রত্যাশা, এ এক্সপোর মাধ্যমে টেক্সটাইল শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হবে এবং টেক্সটাইল কেমিক্যাল, পরিবেশবান্ধব প্রযুক্তি ও টেকসই উৎপাদন ব্যবস্থা নিয়ে শিক্ষার্থী ও শিল্পসংশ্লিষ্টদের মধ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
আরটিভি/টিআর



