
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ‘এমএ ইন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (প্রফেশনাল)’ প্রোগ্রামের ১৩তম ব্যাচে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের স্বীকৃত বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদরাসার স্নাতক বা সমমানের ডিগ্রিধারীরা এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন।
বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, চার বছর মেয়াদি অনার্স (সম্মান) সম্পন্নকারীদের জন্য এক বছর মেয়াদি এবং তিন বছর মেয়াদি ডিগ্রি (পাস) অথবা ফাজিল সম্পন্নকারীদের জন্য দুই বছর মেয়াদি মাস্টার্স করার সুযোগ রয়েছে।
আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা মাদরাসা থেকে যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান/পাস), ফাজিল বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, সব পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২.০০ থাকতে হবে। বিজ্ঞপ্তিতে পেশাজীবী ও চাকরিজীবী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার কথা জানানো হয়েছে।
ভর্তি-ইচ্ছুক প্রার্থীরা আগামী ১৭ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে ও সরাসরি আবেদন করতে পারবেন। আবেদনকারীদের অংশগ্রহণে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে জানুয়ারি ২০২৭ থেকে ক্লাস শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন ফি হিসেবে ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ফি বিকাশ অথবা নগদের মাধ্যমে পরিশোধ করতে হবে।
ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. মোছা. রূপালী খাতুনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া বিভাগের ওয়েবসাইট ihcp.jnu.ac.bd-এ অনলাইনে আবেদনসহ ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
আরটিভি/ এসকেডি




