
প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে মাইকিং ও সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে এ প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, অনুষদ ও একাডেমিক ভবনের সামনে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের প্রতি মাইকিং করে সচেতনতামূলক প্রচারণা অভিযান পালন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ সমাজ ও শিক্ষার্থীদের কাছে আহ্বান জানিয়েছেন, আমরা যেন আমাদের বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস, হল নিজেরাই পরিষ্কার রাখি।
তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গু একটি মহামারী আকারে ধারণ করেছে, ইতোমধ্যে রাজশাহীতেও কয়েকজন মৃত্যুবরণ করেছেন। এটা কখনোই কাম্য না যে কোনো শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা। আমরা গত সপ্তাহেও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পালন করেছি, এটা তিন মাসব্যাপী হবে।
তিনি আরও বলেন, আজকে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অফিসার, কর্মকর্তা-কর্মচারীদের সচেতন করার জন্য, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যেন ময়লা আর্বজনা থেকে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এসব সচেতনতার লক্ষ্যে মাইকিং করে প্রচারণা করছি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল অনুষদ ফ্যাকাল্টির সামনে আমরা প্রচারণা করা হচ্ছে বুধবার সন্ধ্যা পর্যন্ত এ প্রচারণা চলে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক এক সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
আরটিভি/এমএম




