
১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাদ ধসে প্রাণ হারান ৪০ জন। তাদের স্মরণে প্রতিবছরের মতো এবারও আজ ১৫ অক্টোবর শোক দিবস পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে আজ বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ থাকবে।
গত ৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে শোক দিবসের কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবন, সব হল ও হোস্টেলে কালো পতাকা উত্তোলন করা হয়। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন।
সকাল সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোক র্যালি বের হয়। র্যালিটি জগন্নাথ হল স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। সেখানে নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করা হয়।
সকাল ৮টায় অক্টোবর স্মৃতি ভবনের টেলিভিশন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত জগন্নাথ হল প্রাঙ্গণে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রার্থনা সভা হয়। এ ছাড়া আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ সব হলের মসজিদে নিহতদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হবে।
হল প্রশাসনের ব্যবস্থাপনায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জগন্নাথ হল প্রাঙ্গণে নিহতদের তৈলচিত্র ও তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদর্শন করা হবে।
১৯৮৫ সালের ওই দুর্ঘটনায় নিহত ৪০ জনের মধ্যে ২৬ জন ছিলেন শিক্ষার্থী। বাকি ১৪ জন ছিলেন অতিথি ও কর্মচারী। তাদের স্মরণে প্রতিবছর ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হয়।
আরটিভি/জেএমএ




