
কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর স্ত্রী ও দুই শিশুসন্তানসহ নিখোঁজ রয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সাবেক শিক্ষার্থী নাহিদুর রহমান।
শনিবার (১৭ অক্টোবর) সকালে ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে সাতজনের পরিচয় শনাক্ত করা গেলেও তিনজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিখোঁজ নাহিদুর রহমান (৪১) যশোরের বাসিন্দা। তার সঙ্গে নিখোঁজ রয়েছেন স্ত্রী আফসানা মতিন তানজি (৩৬) এবং তাঁদের দুই শিশুসন্তান রুজাইনা ইনায়া (৭) ও সুনাইনা ইহানা (৩)। অগ্নিকাণ্ডের পর থেকে একই পরিবারের চার সদস্যের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নাহিদুর রহমান মাভাবিপ্রবির ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার ও পরিবারের অন্য সদস্যদের নিখোঁজের খবরে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে স্বজনদের মধ্যে।
স্বজনদের আশঙ্কা, অগ্নিকাণ্ডের পর উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় মরদেহের মধ্যে পরিবারের কোনো সদস্য থাকতে পারেন। তবে নিখোঁজ চারজনের বর্তমান অবস্থা কিংবা তাদের অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, নিখোঁজ স্বজনদের সন্ধান এবং উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্যরা
আরটিভি/ এসকেডি


