
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উদযাপনের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। আগামী ১২ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এতে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে হীরকজয়ন্তী উদযাপন করা হবে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেবেন।
হীরকজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহীদের নির্ধারিত অনলাইন লিংকে প্রবেশ করে এক হাজার টাকা নিবন্ধন ফি পরিশোধের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
**নিবন্ধনের লিংক: [https://cu60.cu.ac.bd/]**
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘হীরকজয়ন্তী শুধু অতীতের গৌরব স্মরণ করার আয়োজন নয়; এটি আমাদের অর্জন মূল্যায়ন, সীমাবদ্ধতা চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ অগ্রযাত্রার দিকনির্দেশনা নির্ধারণেরও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।’
তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। গত ছয় দশকে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন। হীরকজয়ন্তীর মাধ্যমে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।
উপ-উপাচার্য অধ্যাপক ড. শফিকুল আলম প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি এলামনাইদের প্রতি আহ্বান জানাব, তারা যেন নিজেরা রেজিস্ট্রেশন করেন এবং অন্যদেরও রেজিস্ট্রেশন করতে উদ্বুদ্ধ করেন।’
অপর উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন বলেন, ‘আমরা অন্যরকম একটি বার্তা জাতিকে দিতে যাচ্ছি। গত ৬০ বছরে বিশ্ববিদ্যালয়ের যত অর্জন রয়েছে, সেগুলো তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতে আমাদের লক্ষ্য কী, সেটিও তুলে ধরব।’
এদিকে সংবাদ সম্মেলনে উপাচার্যের হাতে নিজের ও স্ত্রীর নিবন্ধনের অর্থ তুলে দিয়ে কার্যক্রমে অংশ নেন বিএনপি নেতা ও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আসলাম চৌধুরী এবং তার স্ত্রী জামিলা নাসরিন মাওলা।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুই উপ-উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৬৬ সালের ১৮ নভেম্বর প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ বছর ছয় দশক পূর্ণ করছে।
আরটিভি/ এসকেডি




