
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিং মোকাবিলায় প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন ও আবাসিক হলগুলোতে পর্যায়ক্রমে সোলার প্যানেল স্থাপনের দাবিতে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমানের কাছে স্মারকলিপি জমা দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সদস্য-সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, পাঠদান, পরীক্ষা, গবেষণা এবং আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োজন।
এতে আরও বলা হয়, বর্তমান সরকারের সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়েও সৌরবিদ্যুৎ ব্যবস্থার প্রচলন করা প্রয়োজন। সোলার প্যানেল স্থাপন করা হলে বিশ্ববিদ্যালয় নিজস্ব সৌরবিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে। এতে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমার পাশাপাশি বিদ্যুৎ ব্যয় সাশ্রয় এবং লোডশেডিংয়ের প্রভাব হ্রাস পাবে।
স্মারকলিপিতে শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে সোলার প্যানেল স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপাচার্যের হস্তক্ষেপ কামনা করা হয়।
আরটিভি/এসআর




