
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. শাহাজাদা মাহমুদুল হাসান।
শনিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. শাহাজাদা মাহমুদুল হাসানকে ৪ নভেম্বর থেকে দুই বছরের জন্য বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ২০০৩ সালের ১৯ জুলাই জারীকৃত বাংলাদেশ গেজেটে প্রকাশিত ২০০৩ সালের ৩২ নম্বর আইনের ২৫(২) ধারা অনুযায়ী এ আদেশ জারি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংক্রান্ত ডাটাবেজ অনুযায়ী, ড. শাহাজাদা মাহমুদুল হাসান ২০১৯ সালের ২ জানুয়ারি থেকে যন্ত্রকৌশল বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি ২০০৮ সালের ১০ ফেব্রুয়ারি বিভাগটিতে যোগদান করেন।
উল্লেখ্য, ২০০৭ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। পরে ২০১২ সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং ২০১৬ সালে জাপানের সাইতামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
তার গবেষণার ক্ষেত্রগুলোর মধ্যে মেকাট্রনিক্স, ইলেক্ট্রো-ম্যাগনেটিক সাসপেনশন, মেশিন লার্নিং, অগমেন্টেড রিয়েলিটি, কন্ডিশন মনিটরিং, শিল্পকারখানার শব্দদূষণ হ্রাস এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার (ওএসএইচ) মতো রয়েছে বিভিন্ন বৈচিত্র্যময় বিষয়।
দুই বছরের জন্য নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ায় অধ্যাপক ড. শাহাজাদা মাহমুদুল হাসান এখন থেকে যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করবেন। এর আগে বিভাগটির প্রধান হিসেবে ছিলেন একই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদ হাসান খান তুষার।
আরটিভি/এমএইচজে




