
স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে আরও গতিশীল করা এবং মানবিক সেবার পরিধি বাড়ানোর লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ব্লাড অ্যাসোসিয়েশনের (ব্রুবা) ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহ পরান পাপ্পু এবং সাধারণ সম্পাদক হয়েছেন শাফায়েত হোসেন শুভ।
সোমবার (২ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে ৩০ সদস্যবিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়। সংগঠনের উপদেষ্টা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুমোদনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সামিউল ইসলাম। সহসভাপতি হিসেবে রয়েছেন মো. শেখ ওমর ফারুক জিহাদ ও মো. আতিক হোসেন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. আল আমিন প্রামাণিক। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাসুম বিল্লাহ ও মো. রাজিব মাহমুদ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. মিনার হোসেন নয়ন।
সভাপতি শাহ পরান পাপ্পু বলেন, ‘তুচ্ছ নয় রক্তদান, বাঁচতে পারে একটি প্রাণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের প্রিয় বেগম রোকেয়া ইউনিভার্সিটি ব্লাড অ্যাসোসিয়েশন (ব্রুবা) দীর্ঘদিন ধরে মুমূর্ষু রোগীদের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের প্রধান লক্ষ্য—ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় রক্তের ঘাটতি দূর করা, নবীন শিক্ষার্থীদের রক্তদানে উৎসাহিত করা এবং যেকোনো জরুরি প্রয়োজনে পাশে থাকার জন্য ভলান্টিয়ার টিম প্রস্তুত রাখা। এই মহৎ যাত্রায় আমাদের সব সদস্য, স্বেচ্ছাসেবক ও সাধারণ শিক্ষার্থীদের সাহায্য-সহযোগিতা একান্ত কাম্য।
সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন শুভ বলেন, রক্তদান একটি মহৎ মানবিক উদ্যোগ। একজন মানুষের স্বেচ্ছায় রক্তদান অন্য একজন মানুষের জীবন বাঁচাতে পারে। ‘তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ’—এই মূলমন্ত্রকে ধারণ করে স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা, রক্তদাতা ও রক্তগ্রহীতার মধ্যে সেতুবন্ধন তৈরি করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হবে আমাদের অন্যতম লক্ষ্য।
তিনি আরও বলেন, আমার ওপর অর্পিত এই দায়িত্বকে আমি সম্মান ও কর্তব্য হিসেবে গ্রহণ করছি। সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার চেষ্টা করব।
এছাড়া কমিটিতে সহসাংগঠনিক সম্পাদক, অর্থবিষয়ক সম্পাদক, সহ-অর্থবিষয়ক সম্পাদক, দপ্তর সম্পাদক, সহদপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক, ক্যাম্পেইনবিষয়ক সম্পাদক, ক্রীড়াবিষয়ক সম্পাদক, রক্তদানবিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।
আরটিভি/জেএমএ


