
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘আদিবাসী উৎসব’। বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের প্রত্যক্ষ সহযোগিতায় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘ইভেন্ট ও প্রজেক্ট ম্যানেজমেন্ট’ কোর্সের পরীক্ষার অংশ হিসেবে এ উৎসবের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আদিবাসী নৃত্য ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়।
থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইসমত আরা ভূইয়া ইলার সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ ইমদাদুল হুদা।
উৎসবে আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রখ্যাত উন্নয়নকর্মী, লেখক ও গবেষক এবং আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক-২০২৫ প্রাপ্ত মথুরা বিকাশ ত্রিপুরা, কবি ও সাহিত্যিক এবং বিরিশিরির পরিচালক পরাগ রিসিল এবং প্রিংসন সাংমা।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত থাকবেন।
উদ্বোধনী আয়োজনের পর আমন্ত্রিত অতিথি ও শিক্ষকদের অংশগ্রহণে আদিবাসী শিল্প, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে আড্ডা এবং আমন্ত্রিত আদিবাসী অতিথিদের অনুভূতি বিনিময়ের আয়োজন থাকছে ‘বহমান আমারও পদচিহ্ন’ শীর্ষক পর্বে।
বিকেলে থাকবে আদিবাসীদের ঐতিহ্যবাহী খেলা, মারমা রূপকথা নিয়ে গল্প বলার আয়োজন, আদিবাসী শিক্ষার্থীদের পরিবেশনা, শব্দকুঞ্জ আবৃত্তি সংগঠনের পরিবেশনা, ড্রামা চেম্বারে নাটক, নজরুল ইউনিভার্সিটি ব্যান্ড মিউজিক সোসাইটির পরিবেশনা, ডান্স ক্লাবের পরিবেশনা এবং ষড়ঙ্গ ব্যান্ড দলের পারফরম্যান্স।
আরটিভি/এসএস


