
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে যশোর শহরের নলডাঙ্গা রোডে অভিনেতার নিজ বাড়ির সামনে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
ভুক্তভোগী অভিনেতা সমু চৌধুরী জানান, তার বাড়ির সামনে ময়লা-আবর্জনা ফেলা নিয়ে স্থানীয় দুই ব্যক্তির সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে ওই দুই ব্যক্তি চড়াও হয়ে লাঠি দিয়ে তাকে পিটিয়ে রক্তাক্ত করেন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেছেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক জানান, দুপুর ১২টা ৪০ মিনিটে মাথায় কাটা জখম নিয়ে সমু চৌধুরী হাসপাতালে আসেন। তার ক্ষতে কয়েকটি সেলাই দেয়া হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে গেছেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, অভিনেতার ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা হচ্ছে। জড়িতদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। পুলিশ অভিযানে রয়েছে, শিগগিরই তাদের গ্রেপ্তার করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরটিভি/এসএস


