ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘মৎস্যকন্যা-জলপরী’ মানুষের পৃথিবীতে এলো যেভাবে?

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পিএম
বিশ্বের বিভিন্ন দেশে এখনও মানুষ জলপরীর অস্তিত্বে বিশ্বাস করেন এবং এ নিয়ে নানা প্রশ্নের উত্তর খোঁজেন। প্রতীকী ছবি

মৎস্যকন্যা বা জলপরীর সঙ্গে পরিচিত নন, পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বাস্তবে চোখে না দেখলেও পৃথিবীর সব প্রান্তের গল্পগাঁথা-লোককথাতে এই জলপরী নিয়ে আছে হাজারো কাহিনী। জলপরীর অস্তিত্ব ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো সাহিত্য-নাটক-সিনেমায়।

পৃথিবীর নানা প্রান্তে এই জলপরীর পরিচিতি নানা নামে— কোথাও মারমেইড, কোথাও মাদার অফ ওয়াটার বা জলের মা, কোথাও সাইরেন, আবার কোথাও মৎস্যকন্যা।

সম্প্রতি বাংলাদেশের নরসিংদীতে মনোহরদী উপজেলার একটি গ্রামের পুকুরে ‘জলপরী’র দেখা মিলেছে বলে গুজব উঠেছে। গুজবে কান দিয়ে চার-পাঁচ দিন ধরে আশপাশের উপজেলার বিভিন্ন গ্রাম থেকেও শত শত কৌতুহলী মানুষ পুকুরটিকে ঘিরে ভিড় জমিয়েছেন।

এই গুজবকে ঘিরে গত কয়েকদিনে কনটেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নানা ভিডিও। গুজব ছড়ানোর এই ঘটনায় একজন কনটেন্ট ক্রিয়েটরকে সতর্ক করে মুচলেকাও নিয়েছে স্থানীয় প্রশাসন।

অবশ্য, শুধু বাংলাদেশেই নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশে এখনও মানুষ মারমেইড বা জলপরীর অস্তিত্বে বিশ্বাস করেন এবং এ নিয়ে নানা প্রশ্নের উত্তর খোঁজেন; যদিও সমুদ্র বিজ্ঞানী এবং প্রত্নতাত্ত্বিকদের গবেষণায় ইতোমধ্যেই ‘মৎস্যকন্যা বা জলপরী’ একটি মিথ বলে প্রমাণিত।

বাংলাদেশে যেভাবে নতুন করে আলোচনায় ‘জলপরী’

নরসিংদীর যে পুকুর ঘিরে নতুন গুজবের সূত্রপাত, সেটি মনোহরদী উপজেলার আলালপুর গ্রামের কবির আহমেদ ভুঁইয়া নামে একজনের মালিকানাধীন পুকুর। গ্রামের প্রধান একটি সড়কের একদম পাশেই পুকুরটির অবস্থান।

পুকুরটির মালিক কবির আহমেদ ভুঁইয়া সেখানে রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, সিলভার কার্পসহ দেশি নানা জাতের মাছ চাষ করেন।

মূলত, চার-পাঁচদিন আগে প্রথমে স্থানীয় একজন কনটেন্ট ক্রিয়েটর যখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুকুরে কিছু একটা সাঁতার কাটছে এমন একটি ভিডিও শেয়ার করেন, তখনই এই জলপরী গুজবের শুরু বলে দাবি করেন মনোহরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, পুকুরে পানির প্রায় উপরিভাগে কালো অবয়বের কিছু একটা সাঁতার কাটছে।

এরপর থেকে গত কয়েকদিন ধরেই প্রচুর মানুষ পুকুরের আশেপাশে জড়ো হয়। শুধু ওই গ্রামই নয়, আশেপাশের অন্যান্য উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দারাও সেখানে জড়ো হতে থাকেন।

এই পুকুরটির মালিক গ্রামে থাকেন না, ঢাকায় বসবাস করেন। গত কয়েকদিনের ঘটনার খবর পেয়ে তিনি গ্রামে চলে যান। স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানিয়ে সহায়তাও চান তিনি।

মনোহরদীর ইউএনও মাহামুদুল হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। স্থানীয় কিছু মানুষ পুকুরটিকে ঘিরে পূজা-অর্চনাও শুরু করে দেয়। শেষ পর্যন্ত গুজব ঠেকাতে স্থানীয় প্রশাসন পুরো পুকুরে জাল ফেলে মাছ ধরে। পুলিশকে বলা হয়েছে, মাঝে মাঝে গিয়ে মানুষজনকে যেন এখান থেকে সরিয়ে রাখে।

ইউএনও বলেন, জিনিসটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছিল। এমনিতে বিষয়টা তো কিছুই না। কবির আহমেদ ভুঁইয়া ওই পুকুরে মাছ চাষ করেন। ওই মাছের ঝাঁক যখন একসাথে চলে, তখন ওপর থেকে বা সাইড থেকে দেখলে মনে হয় যে কোনো একটা কিছুর মুভমেন্ট হচ্ছে। আসলে মাছের ঝাঁক একসঙ্গে গেলে একটু বড় মাছের মতো মনে হতে পারে। কেবল একদিনই ওই মাছের ঝাঁকের একত্রে চলাচল দেখা গেছে এবং সেটিই ভিডিও করে কেউ কেউ কৃত্তিম প্রযুক্তির সহায়তায় গুজব ছড়িয়েছিল।

পুকুরে মাছ ছাড়া আর কিছুই নেই জানিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছেন মাহামুদুল হাসান। একইসঙ্গে কেবলমাত্র ভিউ পাওয়ার জন্য গুজব না ছড়াতে কনটেন্ট ক্রিয়েটরদেরকেও সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানান ইউএনও।

এরইমধ্যে একজন কনটেন্ট ক্রিয়েটরকে গুজব ছড়ানোর জন্য সতর্ক করে মুচলেকা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন ইউএনও মাহমুদুল হাসান।

কোথাও মৎস্যকন্যা সৌভাগ্যের প্রতীক, কোথাও অমঙ্গলের

মৎস্যকন্যা বা জলপরীর ইংরেজি প্রতিশব্দ মারমেইড মূলত দুইটি শব্দের সমন্বয়ে গঠিত।

যুক্তরাজ্যের রয়েল মিউজিয়ামস গ্রীনউইচের ওয়েবসাইটে বলা হয়েছে, মারমেইড শব্দের একটি অংশ ‘মিয়ার’, প্রাচীন ইংরেজিতে যার অর্থ সমুদ্র। আরেকটি অংশ ‘মেইড’, যার অর্থ মেয়ে বা যুবতী।

মারমেইড বললেই মানুষের চোখের সামনে যে অবয়ব সৃষ্টি হয় সেটি মূলত কাল্পনিক বা পৌরাণিক জলজ এক প্রাণী, যার শরীরের ওপরের অংশ এবং মাথা মানুষের মতো এবং নিচের অংশে মাছের মতো লেজ রয়েছে।

শতাব্দী প্রাচীন ইংরেজী ভাষার বিশ্বকোষ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় মারমেইড সম্পর্কে এমন কথাই বলা হয়েছে। এতে বলা হয়েছে, মৎস্যকন্যার শুধুমাত্র নারী চরিত্রই রয়েছে তা নয়, বরং এটির পুরুষ চরিত্রও রয়েছে।

ব্রিটানিকা বলছে, মারমেইড এবং মারম্যান হলো এমন অলৌকিক প্রাণী, যারা পরীর মতো জাদুকরী এবং ভবিষ্যত দেখার ক্ষমতার অধিকারী ছিল। মৎস্যকন্যা বা মারমেইডরা গান শুনতে ভালোবাসে এবং প্রায়ই নিজেরাও গান গায়। এরা অনেক দীর্ঘ জীবনের অধিকারী হলেও অমর নয়। একইসঙ্গে, তাদের কোনো আত্মাও ছিল না।

মারমেইড নিয়ে বিশ্বব্যাপী নানা ধরনের পৌরাণিক কাহিনী বা কল্পকথায় বা মিথ প্রচলিত রয়েছে। নাবিকদের লোককথায়, সমুদ্রের মতোই জলপরীর চরিত্রের প্রতীকও বেশ পরিবর্তনশীল, অর্থাৎ, জলপরী বা মৎস্যকন্যা সৌভাগ্য এবং অমঙ্গল উভয়েরই প্রতীক।

কিছু কিছু সংস্কৃতিতে জলপরীকে সমুদ্রের প্রাণ ও উর্বরতার প্রতীক বিবেচনা করা হয়। কেননা মাসের পর মাস সমুদ্রে ভাসমান অবস্থায় থাকা যে নাবিক একঘেয়েমিতে ভুগছেন, পানির ওপর থেকে ভেসে আসা কোন জাদুকরী গান বা সুন্দরী নারীর এক ঝলক দেখতে পাওয়া হয়তো তার জন্য স্বস্তির কারণ হতো সেটি।

আবার কিছু কিছু সংস্কৃতিতে জলপরীকে পানি বা জলের ধ্বংসাত্মক রূপের মূর্ত প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। রয়েল মিউজিয়ামস গ্রীনউইচের ওয়েবসাইটে বলা হয়েছে, মারমেইড বা জলপরীর দেওয়া উপহার নাবিকদের মৃত্যুর মুখে ঠেলে দেয় এবং ঝড়, উত্তাল সমুদ্র এবং বিপর্যয়ের অশুভ সংকেত বয়ে আনে। সমুদ্রযাত্রায় একটি জলপরী দেখতে পাওয়া জাহাজডুবির অশুভ লক্ষণ ছিল বলে মনে করা হতো।

এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুসারে, অনেক লোককথায় মানুষের রূপ ধারণ করতে পারে এমন জলপরী ও মানুষদের মধ্যে বিয়ের কথাও উল্লেখ রয়েছে।

‘জলপরী’ রূপকথার উৎপত্তি কবে, কোথায়?

হাজার হাজার বছর ধরে বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে জলপরী বা মৎস্যকন্যা নিয়ে গল্প প্রচলিত রয়েছে। রূপকথার এইসব গল্পের উৎপত্তি মানব ইতিহাসের ঠিক কোন জায়গা থেকে শুরু সেটি সঠিকভাবে জানা যায় না।

তবে, সম্ভবত সমুদ্রের প্রাণী দেখার পর থেকেই এই গল্পের শুরু। রয়েল মিউজিয়ামস গ্রীনউইচ বলছে, প্রত্নতাত্ত্বিকরা মেসোপটেমীয় রূপকথায় পাঁচ হাজার বছরেরও বেশি পুরোনো এক পুরুষ মৎস্যদেবতার কথা খুঁজে পান। তিনি কেলডীয় সাগরের দেবতা ইয়া বা ওয়ানেস।

ওয়ানেস প্রতিদিন সমুদ্র থেকে উঠে এসে রাতে আবার সেখানে ফিরে যেতেন— এমন লোককথাও প্রচলিত আছে।

খ্রিস্টপূর্ব এক হাজার সালের দিকে সিরিয়ায় সবচেয়ে পুরোনো জলপরীর রূপকথাগুলোর একটির সন্ধান মেলে। সেই রূপকথা অনুসারে, আতারগাতিস নামে একজন দেবী মাছের রূপ ধারণ করতে একটি লেকের পানিতে ডুব দিয়েছিলেন। কিন্তু দেবতারা তার অসাধারণ সৌন্দর্য বিসর্জন দিতে দেননি, সে কারণে শুধু তার শরীরের নিচের অংশ মাছের রূপ নেয় এবং ওপরের অংশ মানবীর রূপেই রয়ে যায়।

প্রাচীন মন্দির, মূর্তি এবং মুদ্রায় দেবী আতারগাতিসের অবয়ব খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশান সার্ভিসের ওয়েবসাইটে বলা আছে, প্রাচীন গ্রিক মহাকবি হোমার তার ‘দ্য ওডিসি’ গ্রন্থেও মারমেইডের কথা উল্লেখ করেছেন। প্রাচীন প্রাচ্য অঞ্চলে মারমেইডদের শক্তিশালী সমুদ্র-ড্রাগনদের স্ত্রী বলে মনে করা হতো এবং তারা তাদের সঙ্গী ও স্থলভাগের সম্রাটদের মধ্যে বিশ্বস্ত বার্তাবাহক হিসেবে কাজ করত।

এতে আরও বলা হয়েছে, মারমেইডে বিশ্বাসের উৎপত্তি হয়তো মানবজাতির একেবারে প্রারম্ভিক যুগে, প্রায় ৩০ হাজার বছর আগে শেষ প্রস্তর যুগে (প্যালিওলিথিক বা স্টোন এজ), যখন আধুনিক মানুষ স্থলভাগে আধিপত্য প্রতিষ্ঠা করেছিল এবং ধারণা করা হয় সমুদ্রযাত্রাও শুরু করেছিল, তখনই গুহাচিত্রে প্রথম জাদুকরী নারীসদৃশ অবয়বের দেখা মেলে।

আসিরীয় থেকে আফ্রিকা, এশিয়া, ইউরোপীয়ানসহ বিভিন্ন সভ্যতায় ভিন্ন ভিন্ন নামে জলপরী চিহ্নিত রয়েছে। রয়েল মিউজিয়ামস গ্রীনউইচের ওয়েবসাইটে একেক সভ্যতার বিষয়গুলো এভাবে তুলে ধরা হয়েছে—

মামি ওয়াটা

পশ্চিম, দক্ষিণ এবং মধ্য আফ্রিকায় ‘মামি ওয়াটা’ নামের কাল্পনিক জল-দেবতাদের নিয়ে নানা ধরনের গল্প প্রচলিত রয়েছে। মামি ওয়াটা’র অর্থ ‘জলই মা’ বা ‘জলের মা’।

প্রাচীন একাধিক আফ্রিকান সংস্কৃতি থেকে এই আত্মা বা দেবতাদের উৎপত্তি হওয়ায়, তাদের পরিচয়ের কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য নেই। ঔপনিবেশিকতা এবং ষোড়শ শতকে দাসপ্রথার প্রসারের পর, ‘মামি ওয়াটা’র গল্প এবং বিশ্বাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

সাইরেন

গ্রিক ও রোমান পৌরাণিক কাহিনীর জলপরীগুলো বর্তমান ইউরোপীয় রূপকথার জলপরীগুলোর রূপ এবং চরিত্রের বেশ কাছাকাছি। প্রাচীন গ্রিক উপকথার অনেক জায়গায় সাইরেনদের জলপরী হিসেবে বিবেচনা করা হতো।

স্মিথসোনিয়ান মিউজিয়াম অফ ন্যাশনাল হিস্ট্রি বলছে, হোমারের ‘ওডিসি’ কাব্যে বর্ণিত ‘সাইরেন’রা নাবিকদের প্রলুব্ধ করে মৃত্যুর মুখে ঠেলে দিত; যদিও শুরুতে তাদের পাখির শরীরের অধিকারী হিসেবে বর্ণনা করা হয়েছিল, তবুও পরবর্তীকালে তাদের প্রায়শই মাছের লেজযুক্ত মৎস্যকন্যার রূপে চিত্রিত করা হয়েছে। এমনকি এই রূপান্তর এতটাই ব্যাপক যে অনেক ভাষায় ‘সাইরেন’ শব্দটির বিভিন্ন রূপ এখন ‘মৎস্যকন্যা’ অর্থেই ব্যবহৃত হয়।

রুসালকি

স্লাভিক পৌরাণিক কাহিনীর জলপরী বা জল-দেবতা হলো রুসালকি। শুরুতে এদের উর্বরতা ও কৃষির কল্যাণময় আত্মা হিসেবে বিবেচনা করা হলেও আঠারো শতকে রুসালকিদের রূপ ভয়াবহ হয়ে ওঠে।

মেরোজ

যুক্তরাজ্যের রয়েল মিউজিয়ামস গ্রীনউইচের ওয়েবসাইটে বলা হয়েছে, আয়ারল্যান্ডের রূপকথায় মৎস্যকন্যারা মেরোজ নামে পরিচিত।

নারী মেরোজরা তাদের সৌন্দর্য এবং লম্বা সবুজ চুলের জন্য পরিচিত। এদের পুরুষ রূপ বা পুরুষ মেরোজরা অত্যন্ত কুৎসিত, নিষ্ঠুর এবং মানুষের চেয়ে মাছের মতোই বেশি দেখতে। পুরুষ মেরোজদের এই নির্মম স্বভাবের কারণেই বলা হতো, এই জীবগুলোর সাথে মানুষের সম্পর্ক ছিল।

সেলকি

স্কটিশ রূপকথার সেলকিরা পুরোপুরি মাছের মতো না হলেও, এদের প্রায়ই জলপরীর রূপকথার সাথে তুলনা করা হয়। এই রূপ পরিবর্তনকারী প্রাণী সমুদ্রে থাকার সময় সীল মাছের মতো জীবন কাটায় এবং ডাঙায় আসলে মানুষের রূপ ধারণ করে।

মেলুসিনা

মধ্যযুগীয় ইউরোপের বহু রূপকথায় নারী আত্মাবিশিষ্ট মেলুসিনা নামক জলপরীর উল্লেখ রয়েছে, যার দেহে থাকে সাপ বা মাছের মত লেজ এবং কখনো কখনো ডানা। হাঙ্গেরি, ফ্রান্স এবং জার্মানিতে মেলুসিনা সম্পর্কে বিভিন্ন ধরনের গল্প প্রচলিত আছে।

এর মধ্যে সবচেয়ে বিখ্যাত রূপকথাটিতে মেলুসিনাকে একজন জেদি মেয়ে হিসেবে বর্ণনা করা হয়েছে, যে কি না তার পরী মায়ের পক্ষ নিয়ে মানুষ বাবাকে শাস্তি দিতে চেয়েছিল। কিন্তু তার মা-ই তাকে শাস্তি হিসেবে একটি লেজ দিয়ে দেন।

সুবর্ণমচ্ছা

দক্ষিণ-পূর্ব এশিয়ার রূপকথায় সুবর্ণমচ্ছা নামক এক রাজকন্যা জলপরীর গল্প রয়েছে। যার অর্থ সোনালী মাছ। ভারতীয় মহাকাব্য রামায়ণের বিভিন্ন সংস্করণে দেখা যায়, এর অন্যতম নায়ক হনুমান সমুদ্রের ওপর পাথর দিয়ে একটি সেতু তৈরি করার চেষ্টা করছেন। তার এই পরিকল্পনা ভেস্তে দেয় সুবর্ণমচ্ছা জলপরী, তাকে সেতুর কাজ শেষ করতে বাধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

কিন্তু দুইজনের দেখা হওয়ার পর তারা একে অপরের প্রেমে পড়েন এবং শেষ পর্যন্ত সুবর্ণমচ্ছা হনুমানকে সেতুটি তৈরিতে সাহায্য করে। এই জলপরীকে এখন সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয়।

কম্বোডিয়া, থাইল্যান্ড ও লাওসের তাবিজ, পতাকা ও বিভিন্ন প্রতীকে সুবর্ণমচ্ছা জলপরীর প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়।

মারমেইড যেভাবে স্থান করে নেয় সাহিত্য আর চলচ্চিত্রে

আঠারো শতকে প্রকাশিত ডেনিশ লেখক হ্যানস ক্রিস্টিয়ান অ্যান্ডারসেনের ‘দ্য লিটল মারমেইড’ রূপকথার গল্পের বইটি বিশ্বজুড়ে জলপরী নিয়ে প্রকাশিত রূপকথার অন্যতম জনপ্রিয় একটি বই। ১৮৩৭ সালে ডেনমার্কের কোপেনহেগেনে শিশুদের রূপকথার একটি সংকলনের অংশ হিসেবে প্রকাশিত এই গল্পটি থিয়েটার, অপেরাসহ বিভিন্ন মাধ্যমে রূপান্তরিত হয়েছে।

তবে, সবচেয়ে জনপ্রিয় হলো ১৯৮৯ সালের ডিজনির একটি অ্যানিমেটেড চলচ্চিত্র। রয়েল মিউজিয়ামস গ্রীনউইচের তথ্য অনুযায়ী, রানি প্রথম এলিজাবেথের বিখ্যাত ‘আরমাডা পোর্ট্রেট’-এ দেখা যায়, তার রাজসিংহানের চেয়ারটিতে একটি জলপরী খোদাই করা রয়েছে। তবে, এটি নিয়ে ইতিহাসবিদদের মধ্য মতান্তর রয়েছে।

ষোড়শ শতাব্দীর শেষের দিক ফ্রান্স ফ্র্যাঙ্কেন আই ‘অ্যালিগোরি: দ্য শিপ অফ স্টেট’ নামের একটি ছবি আঁকেন। ছবির ঠিক সামনে ও মাঝখানে দুইটি জলপরীকে দেখা যায়, আয়নায় নিজেদের রূপ দেখে মুগ্ধ হতে দেখা যায়। এছাড়াও, একেক শতাব্দীতে একেক সভ্যতায় মারমেইড বা জলপরী বা মৎস্যকন্যার একেক রূপে ফুটিয়ে তোলা হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ জাতীয় কাজুবাদাম দিবস: প্রতিদিন কাজুবাদাম খেলে মিলবে যেসব উপকার
পুষ্টিগুণে সমৃদ্ধ কাজুবাদাম শুধু সুস্বাদু খাবারই নয়, শরীরের জন্যও বেশ উপকারী। এতে রয়েছে প্রোটিন, স্বাস্থ্যকর অসম্পৃক্ত চর্বি, ম্যাগনেশিয়াম, তামা, জিঙ্ক, ফসফরাসসহ বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান। পরিমিত পরিমাণে নিয়মিত কাজুবাদাম খেলে হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখা থেকে শুরু করে পেশি ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। আজ ২৩ নভেম্বর জাতীয় কাজুবাদাম দিবস। দিবসটি উপলক্ষে জেনে নেওয়া যাক, নিয়মিত কাজুবাদাম খাওয়ার সাতটি সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা। হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক কাজুবাদামে রয়েছে মনোআনস্যাচুরেটেড ও পলিআনস্যাচুরেটেড ফ্যাট। খাদ্যতালিকায় স্যাচুরেটেড ফ্যাটের পরিবর্তে এসব অসম্পৃক্ত চর্বি যুক্ত করলে হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকার পাওয়া যেতে পারে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত কাজুবাদাম খাওয়া মোট কোলেস্টেরল ও ক্ষতিকর এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করতে পারে। পেশি ও স্নায়ুর কার্যক্রম স্বাভাবিক রাখে কাজুবাদামে থাকা ম্যাগনেশিয়াম পেশি ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক রক্তচাপ বজায় রাখতেও এই খনিজ প্রয়োজন। রোগ প্রতিরোধক্ষমতায় সহায়তা করে কাজুবাদামে থাকা জিঙ্ক ও তামা শরীরের রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ। জিঙ্ক কোষের বৃদ্ধি ও রোগ প্রতিরোধে ভূমিকা রাখে। অন্যদিকে তামা বিভিন্ন এনজাইমের কার্যক্রম এবং শরীরে আয়রন ব্যবহারে সহায়তা করে। হাড়ের সুস্থতায় ভূমিকা রাখে হাড়ের গঠন ও রক্ষণাবেক্ষণের জন্য ক্যালসিয়ামের পাশাপাশি ম্যাগনেশিয়াম, ফসফরাস ও তামার প্রয়োজন হয়। কাজুবাদামে এসব খনিজ উপাদান থাকায় এটি সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে হাড়ের স্বাভাবিক গঠন ও কার্যক্রমে সহায়ক হতে পারে। শরীরে শক্তি জোগায় প্রোটিন, চর্বি ও শর্করার ভালো উৎস কাজুবাদাম। এসব পুষ্টি উপাদান শরীরে শক্তি উৎপাদনে ভূমিকা রাখে। এ ছাড়া কাজুবাদামের প্রোটিন পেশি ও শরীরের কোষের গঠন এবং রক্ষণাবেক্ষণে সহায়তা করে। ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে কাজুবাদামে থাকা প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি ধরে রাখতে সাহায্য করতে পারে। ফলে মাঝেমধ্যে ক্ষুধা লাগলে চিপস বা অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারের পরিবর্তে অল্প পরিমাণ কাজুবাদাম খাওয়া যেতে পারে। বিপাকীয় কার্যক্রম সচল রাখতে সহায়ক কাজুবাদামে থাকা তামা ও ম্যাঙ্গানিজ শরীরের বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়ায় ভূমিকা রাখে। তামা শক্তি উৎপাদন ও আয়রন বিপাকে সহায়তা করে। অন্যদিকে ম্যাঙ্গানিজ শরীরের বিভিন্ন এনজাইমের স্বাভাবিক কার্যক্রমের জন্য প্রয়োজনীয়। যেভাবে খাবেন কাজুবাদাম কাজুবাদাম সরাসরি খাওয়ার পাশাপাশি ওটস, দই, সালাদ, পোলাও কিংবা বিভিন্ন সবজির পদের সঙ্গে মিশিয়েও খাওয়া যায়। লবণ ও অতিরিক্ত তেল ছাড়া সাধারণ বা হালকা ভাজা কাজুবাদাম বেছে নেওয়া ভালো। তবে কাজুবাদামে ক্যালরি ও চর্বির পরিমাণ তুলনামূলক বেশি। তাই অতিরিক্ত না খেয়ে পরিমিত পরিমাণে খাওয়াই ভালো। যাদের কাজুবাদাম বা বাদামজাতীয় খাবারে অ্যালার্জি রয়েছে, তাদের এটি এড়িয়ে চলতে হবে। মনে রাখতে হবে, কাজুবাদাম কোনো রোগের প্রতিষেধক নয়। সুস্থ থাকতে একটি নির্দিষ্ট খাবারের ওপর নির্ভর না করে বৈচিত্র্যপূর্ণ ও সুষম খাদ্যাভ্যাস বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরটিভি/এসকে
আজ জাতীয় কাজুবাদাম দিবস: প্রতিদিন কাজুবাদাম খেলে মিলবে যেসব উপকার
যে কারণে বিয়ের পর বদলে যায় ভালোবাসা
বিয়ের আগে সম্পর্কজুড়ে থাকে রোমান্টিকতা, আবেগ আর একে অপরকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। কিন্তু বিয়ের পর অনেকেরই মনে হয়, সঙ্গীর ভালোবাসা যেন আগের মতো নেই। কমে যায় উপহার দেওয়া, ঘুরতে যাওয়া কিংবা দীর্ঘ সময় ধরে গল্প করার অভ্যাস।
যে কারণে বিয়ের পর বদলে যায় ভালোবাসা
গভীর সাগরে মিলল উল্টো দিকে হাঁটা অদ্ভুত মাছ
গভীর সমুদ্রের রহস্যময় জগতে নতুন এক বিস্ময়কর প্রাণীর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। দক্ষিণ চীন সাগরের গভীর তলদেশে দেখা মিলেছে এমন এক মাছের, যা শুধু সাঁতার কাটতেই পারে না, বরং পাখনাকে পায়ের মতো ব্যবহার করে সমুদ্রের তলদেশে হাঁটতেও পারে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, মাছটিকে পেছনের দিকে হাঁটতে দেখা গেছে। সম্প্রতি আধুনিক ডুবোযানের ক্যামেরায় ধরা পড়েছে বিরল এই দৃশ্য। মাছটির বৈজ্ঞানিক নাম Scalicus engyceros। এটি ‘আর্মার্ড সি-রবিন’ নামে পরিচিত এক বিশেষ প্রজাতির মাছ। এর পুরো শরীর শক্ত হাড়ের প্লেট বা বর্মের মতো আবরণে ঢাকা। বুকের কাছে থাকা বিশেষ পাখনাগুলো ছোট ছোট পায়ের মতো দেখতে। পাখনাগুলো আঙুলের মতো ছড়িয়ে দিয়ে সমুদ্রের তলদেশে ভর করে চলাচল করতে পারে মাছটি। চীনের সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ের গবেষক হান তিয়ানের নেতৃত্বে বিজ্ঞানীরা এই মাছের চলাচল পর্যবেক্ষণ করেন। গবেষণার জন্য উত্তর ও দক্ষিণ চীন সাগরের গভীর এলাকায় পাঠানো হয়েছিল আধুনিক ডুবোযান। এর শক্তিশালী ক্যামেরায় মাছটির অস্বাভাবিক চলাচলের দৃশ্য ধরা পড়ে। গবেষকদের দাবি, মাছটির পেছনের দিকে হাঁটার এই পর্যবেক্ষণ গভীর সমুদ্রের প্রাণীদের চলাচল সম্পর্কে নতুন তথ্য দিয়েছে। মাছটির শরীরের গঠনও বেশ অদ্ভুত। মাথার সামনের দিকে রয়েছে কোদালের মতো চ্যাপটা একটি অংশ। এই বিশেষ অঙ্গ ব্যবহার করে সমুদ্রের তলদেশের কাদা ও বালুর নিচে লুকিয়ে থাকা ছোট প্রাণী কিংবা খাবার খুঁজে বের করতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। তবে এই অঙ্গের কারণে চলাচলে কিছুটা অসুবিধা হয় কি না, তা নিয়ে আরও গবেষণা প্রয়োজন। মাছটির চোখও বেশ বড়। গবেষণায় দেখা গেছে, ডুবোযান কাছে আসার পর প্রথমে মাছটি স্থির ছিল। কিন্তু ডুবোযানের তীব্র আলো চোখে পড়তেই সেটি দ্রুত সাঁতরে দূরে সরে যায়। এ ঘটনা থেকে ধারণা করা হচ্ছে, গভীর সমুদ্রের অন্ধকার পরিবেশে বসবাস করলেও মাছটির চোখ আলোর প্রতি বেশ সংবেদনশীল। বিজ্ঞানীদের মতে, মাছটি কীভাবে গভীর সমুদ্রের পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে, তা এখনো পুরোপুরি জানা যায়নি। এ নিয়ে আরও গবেষণা প্রয়োজন। তবে এর অদ্ভুত পাখনা, চলাচলের কৌশল এবং শরীরের বিশেষ গঠন গভীর সমুদ্রের প্রাণীদের বিবর্তন ও অভিযোজন সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দিতে পারে। গবেষক হান তিয়ানের মতে, আধুনিক ডুবোযানের সাহায্যে এখন গভীর সমুদ্রের প্রাণীদের প্রাকৃতিক পরিবেশে জীবন্ত অবস্থায় পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে। আগে গবেষকদের মূলত মৃত বা সংরক্ষিত নমুনার ওপর নির্ভর করতে হতো। নতুন প্রযুক্তির ফলে প্রাণীরা কীভাবে চলাচল করে, খাবার সংগ্রহ করে এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বেঁচে থাকে, তা সরাসরি দেখার সুযোগ তৈরি হয়েছে। গভীর সমুদ্রের অজানা জগৎ সম্পর্কে মানুষের জানার পরিধি এখনো সীমিত। আর সেখানে উল্টো দিকে হাঁটতে সক্ষম এই মাছের সন্ধান সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা জীববৈচিত্র্যের নতুন এক বিস্ময় সামনে এনেছে। সূত্র: পপুলার সায়েন্স আরটিভি/এসকে
গভীর সাগরে মিলল উল্টো দিকে হাঁটা অদ্ভুত মাছ
মাছের জিহ্বা খেয়ে নিজেই জিহ্বা হয়ে যায় যে পরজীবী!
নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে মাছের জিহ্বা খেয়ে ফেলে এক অদ্ভুত পরজীবী। এরপর সেই জিহ্বার জায়গা দখল করে মাছের মুখেই বসবাস শুরু করে।
মাছের জিহ্বা খেয়ে নিজেই জিহ্বা হয়ে যায় যে পরজীবী!
ডাইনোসর যুগের যে মাছ এখনো টিকে আছে বাংলাদেশের নদীতে
পৃথিবীতে ডাইনোসরের বিচরণ ছিল কোটি কোটি বছর আগে। সেই প্রাগৈতিহাসিক সময়ের অনেক আগের ও পরের প্রাণী বিলুপ্ত হয়ে গেলেও কিছু প্রাচীন বংশের মাছ এখনো টিকে আছে।
ডাইনোসর যুগের যে মাছ এখনো টিকে আছে বাংলাদেশের নদীতে
আরও পড়ুন
পৃথিবীর মহাকর্ষে ধরা পড়ল নতুন ‘মিনি চাঁদ’
২০২৬ সালের ১৩ নভেম্বর কি সত্যিই ধ্বংস হবে পৃথিবী?
পৃথিবীর যেখানেই যান, বাংলাদেশের খাবারের প্রশংসা করেন আতিফ আসলাম
পৃথিবীতে ১০ মহাবিপদ ডেকে আনছে ‘সুপার’ এল নিনো