
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের নিকটবর্তী সামুত সাখোন প্রদেশে বৃহৎ এক ক্রেন ভেঙে পড়ে অন্তত দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঘটে যাওয়া এই দুর্ঘটনার ভিডিওতে দেখা গেছে, ক্রেনটি সরাসরি চলন্ত মহাসড়কের ওপর আছড়ে পড়ে বেশ কিছু গাড়িকে দুমড়ে-মুচড়ে দিয়েছে। এতে চারপাশে ধুলো ও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।
এর আগে একদিন আগে, বুধবার (১৪ জানুয়ারি) নাখোন রাটচাসিমা প্রদেশে একটি ক্রেন দুর্ঘটনায় অন্তত ৩২ জনের মৃত্যু ঘটে, যা দেশের নির্মাণ নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।
দুটি দুর্ঘটনা থাইল্যান্ডের বৃহৎ নির্মাণ প্রতিষ্ঠান ‘ইটালিয়ান-থাই ডেভেলপমেন্ট’ কোম্পানির অধীনে ঘটে, যার ফলে কোম্পানির নির্মাণ নিরাপত্তা ও গাফিলতির ব্যাপারে প্রশ্ন উঠেছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশে নির্মাণ সাইটে দুর্ঘটনার ঘটনা খুবই সাধারণ হয়ে উঠেছে, যার পেছনে দুর্বল নিরাপত্তা মানদণ্ড এবং শিথিল আইনি প্রয়োগকে দায়ী করা হচ্ছে। গত সাত বছরে ব্যাংকক থেকে দেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত নির্মাণ প্রকল্পে অন্তত ১৫০ জনের প্রাণহানি ঘটেছে।
এই ধারাবাহিক দুর্ঘটনা থাইল্যান্ডের নির্মাণ শিল্পে নিরাপত্তা ব্যবস্থার ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
আরটিভি/এসকে




