
ধারের টাকা পরিশোধের জন্য গোয়ালের গরু বিক্রি করতে চেয়েছিলেন ট্রাকচালক চুন্নিলাল কুমাওয়াত (৫৬)। তবে এতে তার স্ত্রী চুঙ্কি দেবী (৫২) আপত্তি জানান।
এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রীকে ট্রাক চাপা দিয়ে হত্যা করেন ওই ব্যক্তি। পরে থানায় গিয়ে নিজেই হত্যার কথা স্বীকার করেন তিনি।
সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ভারতের রাজস্থানের সিকার জেলার কোলিদা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চুন্নিলালের প্রায় ১৫ লাখ রুপি ঋণ ছিল।
আর্থিক সহায়তার জন্য তিনি দুই ছেলের কাছে গেলেও তাদের সীমিত আয়ের কারণে সহযোগিতা পাননি।
পুলিশ জানায়, বুধবার বিকেল ৪টার মধ্যে বাড়ি ফিরে একটি গরু বিক্রির প্রস্তাব দেন চুন্নিলাল। এতে আপত্তি জানান তার স্ত্রী। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়।
একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে থাকা নিজের ট্রাক চালিয়ে স্ত্রীর ওপর তুলে দেন চুন্নিলাল। পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সিকারের স্টেশন হাউস কর্মকর্তা রাকেশ কুমার মীনা বলেন, গরু বিক্রির সিদ্ধান্তে স্ত্রীর বিরোধিতার কারণে ক্ষুব্ধ হয়ে তাকে ট্রাক চাপা দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর চুন্নিলাল থানায় গিয়ে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন।
এ ঘটনায় চুন্নিলালকে হেফাজতে নিয়েছে পুলিশ।
তার স্বাস্থ্য পরীক্ষা শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/ এসকেডি


