পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ১০:৪১ পিএম


পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে উগ্রবাদীদের গুলিতে নিহত হয়েছেন দেশটির বিশিষ্ট আলেম ও রাজনীতিবিদ শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ ইদরিস।

মঙ্গলবার (৫ মে ) সকালে চারসাদ্দা জেলার উসমানখেল থানা এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। খবর পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের।
 
প্রতিবেদনে বলা হয়, মোটরসাইকেলে আসা চারজন সশস্ত্র সন্ত্রাসী মাওলানা ইদরিসের গাড়ি লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়ে পালিয়ে যায়। এই হামলায় গাড়িতে থাকা দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

স্থানীয় পুলিশ জানায়, আজ সকাল সোয়া আটটার দিকে মাওলানা ইদরিস তার ব্যক্তিগত গাড়িতে করে যাওয়ার সময় হামলার শিকার হন। দুটি মোটরসাইকেলে আসা চার হামলাকারী অতর্কিত গুলিবর্ষণ শুরু করলে তিনি মারাত্মকভাবে আহত হন। দ্রুত হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। হামলার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি।

আরও পড়ুন

মাওলানা মুহাম্মদ ইদরিস পাকিস্তানের রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের চারসাদ্দা জেলার আমির ছিলেন। ১৯৬১ সালে একটি প্রখ্যাত আলেম পরিবারে তার জন্ম হয়। তার বাবা মাওলানা আবদুল হক এবং দাদা মুফতি শাহজাদা উভয়েই উপমহাদেশের প্রখ্যাত আলেম ছিলেন। মাওলানা ইদরিস নিজে জামিয়া নোমানিয়া মাদ্রাসার পরিচালক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা হাসান জানের জামাতা ছিলেন যিনি নিজেও ২০০৭ সালে উগ্রবাদীদের হামলায় নিহত হয়েছিলেন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পৃথক বিবৃতিতে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission