
যুক্তরাষ্ট্রে বন্ধ করে দেওয়া হয়েছে ইউনাইটেড ফিডেলিটি ব্যাংক। আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়ার আশঙ্কায় ব্যাংকটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থা।
শুক্রবার (২৭ নভেম্বর) ব্যাংকটি বন্ধ করে এর সব আমানত ও সম্পদ ফার্স্ট সিটিজেন্স ব্যাংকের কাছে হস্তান্তর করা হয়। বন্ধ হওয়া ব্যাংকটির পাঁচটি অঞ্চলে ২২টি শাখা রয়েছে। এসব শাখা সোমবারের মধ্যে ফার্স্ট সিটিজেন্স ব্যাংকের শাখা হিসেবে চালু হবে।
যুক্তরাষ্ট্রের আমানত বীমা সংস্থা জানিয়েছে, সেপ্টেম্বরের শেষে ব্যাংকটির মোট সম্পদ ছিল প্রায় ৫৯০ কোটি ডলার এবং আমানত ছিল ৫৪০ কোটি ডলার। গ্রাহকদের সব আমানত নিরাপদ এবং ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত বীমার আওতায় রয়েছে।
২০২৪ সালে রিপাবলিক ফার্স্ট ব্যাংক বন্ধ হওয়ার পর এটিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক ব্যর্থতার ঘটনা। ব্যাংকটি বন্ধ হওয়ায় আমানত বীমা তহবিলের প্রায় ১৮৩ কোটি ডলার ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)
আরটিভি/জেএমএ


