
ভারতের পাঞ্জাবের মোগা জেলায় ধানের জমিতে ট্রান্সফরমার চুরি করতে এসে কাদায় আটকে গেছে চোরদের ব্যবহৃত প্রাইভেট কার। শুধু তা-ই নয়, গাড়িটি উদ্ধার করতে আনা ভারী রিকভারি ট্রাকটিও কাদায় অচল হয়ে পড়ে শেষ পর্যন্ত এক চোর ধরা পড়েছেন গ্রামবাসীদের হাতে। খবর এনডিটিভির।
মোগার তখতুপুরা গ্রামের কৃষক হরজিন্দর সিংয়ের জমিতে গভীর রাতে তিন চোর প্রাইভেট কার নিয়ে ট্রান্সফরমার খুলে নেওয়ার চেষ্টা করে। তবে খেতের কাদা ও পানি জমে থাকা নরম মাটিতে তাদের গাড়িটি মারাত্মকভাবে আটকে যায়। অনেক চেষ্টা করেও গাড়ি বের করতে না পেরে রাতের আঁধারে সেটি খেতেই ফেলে রেখে সটকে পড়ে চোরের দল।
পরদিন সকালে গাড়িটি টেনে বের করতে একটি বড় রিকভারি ট্রাক নিয়ে সগৌরবে হাজির হয় আসামিরা। কিন্তু কাদার কাছে হার মানে সেই উদ্ধারকারী ট্রাকও। প্রথম গাড়িটির পাশেই কাদার গভীরে আটকে যায় ভারী ট্রাকটি।
মাঝমাঠে দুটি গাড়ি অচল হয়ে পড়ে থাকার দৃশ্য দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা সেখানে গিয়ে টানা জেরা শুরু করেন। চোরদের বিভ্রান্তিকর উত্তরের মুখে একপর্যায়ে ফাঁস হয়ে যায় মূল ঘটনা।
গ্রামবাসীরা ঘটনাস্থলেই ধরে ফেলেন লাভপ্রীত সিং নামের এক চোরকে, যাকে পরে পুলিশে সোপর্দ করা হয়। পলাতক বাকি দুই সহযোগীকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
আরটিভি/এআর


