
নিউইয়র্কে নতুন আইন কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার সঙ্গে করা আনুষ্ঠানিক চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে নাসাউ কাউন্টি। কাউন্টির নির্বাহী কর্মকর্তা ব্রুস ব্লেকম্যান বলেছেন, আইন মেনে চলার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) নতুন আইন কার্যকর হওয়ার পর নাসাউ কাউন্টির আইনজীবী অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার কাছে চুক্তি বাতিলের নোটিশ পাঠান। একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের কাছ থেকে সমন পাওয়ার কথাও জানান ব্লেকম্যান। তার দাবি, মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যার মধ্যে কাউন্টি নতুন আইনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্য করেছে।
ব্লেকম্যান বলেন, নতুন আইনটি পর্যালোচনা করে আইন মেনে না চলার সম্ভাব্য সব পথ খোঁজা হয়েছিল। তবে শেষ পর্যন্ত কাউন্টিকে আইনটি মানতেই হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, কাউন্টি নির্বাহী হিসেবে এটি আমার জীবনের সবচেয়ে দুঃখের দিনগুলোর একটি।
তবে চুক্তি বাতিল হলেও অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি। আইন অনুযায়ী যেসব বিধিনিষেধ রয়েছে, সেগুলো মেনেই ফেডারেল সংস্থাটির সঙ্গে কাজ করা হবে।
নতুন ‘স্থানীয় পুলিশ, স্থানীয় অপরাধ আইন’ অনুযায়ী, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার সঙ্গে নির্দিষ্ট ধরনের আনুষ্ঠানিক সহযোগিতা চুক্তি করতে বা বহাল রাখতে পারবে না। নাসাউ কাউন্টি ২০২৫ সালে এমন দুটি চুক্তি করেছিল। ওই সময় এটি ছিল নিউইয়র্কের দ্বিতীয় কাউন্টি, যারা এ ধরনের চুক্তিতে যায়।
জুলাই পর্যন্ত নিউইয়র্কের ১২টি স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে এ ধরনের চুক্তি ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ব্লেকম্যান আরও জানান, নাসাউ কাউন্টির শেরিফ নতুন আইনের বিরুদ্ধে করা একটি মামলায় যুক্ত হবেন। এরই মধ্যে নিউইয়র্কের ১৫ জন শেরিফ মামলাটিতে বাদী হিসেবে রয়েছেন।
এদিকে, নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল ও ব্রুস ব্লেকম্যানের মধ্যে গভর্নর পদ নিয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই এ ঘটনা নতুন মাত্রা যোগ করেছে। হোকুলের প্রচারশিবির নাসাউ কাউন্টিতে অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার কার্যক্রম নিয়ে সহিংসতার অভিযোগ এবং রেনি গুডকে গুলি করে হত্যার ঘটনায় ব্লেকম্যানের আগের মন্তব্যের বিষয়টি তুলে ধরেছে।
সূত্র: পিক্স এলিভেন
আরটিভি/জেএমএ


