
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সময়ে আইনি প্রক্রিয়া শেষে ১২ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সপ্তাহব্যাপী পরিচালিত যৌথ অভিযানে দেশজুড়ে এসব অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে সৌদি আরবে প্রায় ২৯ হাজারের বেশি প্রবাসীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন লঙ্ঘনের অভিযোগে বিচারিক ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির সুরক্ষায় অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে সৌদি কর্তৃপক্ষ। বলা হয়েছে, অবৈধভাবে দেশে প্রবেশে সহায়তা, পরিবহন, বাসস্থান কিংবা কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া একটি গুরুতর অপরাধ।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের অপরাধে জড়িত থাকার প্রমাণ মিললে অপরাধীকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হবে। এ ছাড়া এ সংক্রান্ত অপকর্মে জড়িতদের ব্যবহৃত সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে। দেশটিতে অবস্থানরত অবৈধ অভিবাসীদের যেকোনো ধরনের সহায়তা দেওয়া থেকে বিরত থাকতে নাগরিক ও বাসিন্দাদের প্রতি নিয়মিত আহ্বান জানিয়ে আসছে সৌদি প্রশাসন।
আরটিভি/এআর


