
পর্যটন ভিসা ব্যবস্থায় নতুন সুবিধা যুক্ত করেছে সৌদি আরব। নতুন ব্যবস্থার আওতায় এখন থেকে সৌদির তাৎক্ষণিক ইলেকট্রনিক পর্যটন ভিসা (ই-ভিসা) নিতে পারবেন মেক্সিকো, সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং উত্তর মেসিডোনিয়ার নাগরিকেরা। একইসঙ্গে দেশগুলো থেকে সৌদি আরবে পৌঁছেও ভিসা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে এ ঘোষণা দেয়। খবর আরব নিউজের
নতুন নিয়মে চার দেশের নাগরিকদের পর্যটন ভিসার জন্য দূতাবাসে গিয়ে আবেদন করতে হবে না। তারা অনলাইনে একাধিকবার প্রবেশের অনুমতিসহ পর্যটন ভিসার আবেদন করতে পারবেন। চাইলে সৌদি আরবের যেকোনো প্রবেশপথে পৌঁছেও ভিসা নিতে পারবেন।
সৌদি আরবে গিয়ে তারা ওমরাহ পালন, বিভিন্ন অনুষ্ঠান, প্রদর্শনী ও সম্মেলনে অংশগ্রহণ এবং দেশটিতে বসবাসরত স্বজন ও বন্ধুদের সঙ্গে দেখা করতে পারবেন।
সৌদি আরবে মেক্সিকোর চার্জ দ্য অ্যাফেয়ার্স গিয়েরমো গুতিয়েরেজ সংবাদমাধ্যম আরব নিউজকে বলেন, নতুন সুবিধা দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি, বিমান চলাচল ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াবে। তার মতে, ভিসা প্রক্রিয়া সহজ হওয়ায় দুই দেশের সাধারণ মানুষের মধ্যে যোগাযোগও বাড়বে।
সৌদি আরবে সার্বিয়ার রাষ্ট্রদূত দ্রাগান বিসেনিচও নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এর ফলে সার্বিয়ার নাগরিকদের সৌদি আরবে ভ্রমণ ও ওমরাহ পালনের প্রক্রিয়া সহজ হবে। পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে।
তবে নতুন ভিসার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে। ভিসায় উল্লেখ করা মেয়াদের মধ্যেই দর্শনার্থীদের সৌদি আরব ছাড়তে হবে। মেয়াদ শেষ হওয়ার আগে ভিসা নবায়নের সুযোগ নেই। একাধিকবার প্রবেশের ভিসার ক্ষেত্রে অবস্থানের সময় প্রতিবারের হিসাবে অথবা সম্মিলিতভাবে গণনা করা হবে।
এই ভিসায় বেতন বা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করা যাবে না। এছাড়া, ওমরাহ পালনের অনুমতি থাকলেও হজের নির্ধারিত মৌসুমে ওমরাহ পালন করা যাবে না।
আরটিভি/এসএইচএম


