
জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে জর্ডান ও ইরাকের কর্তৃপক্ষ। জর্ডান জানিয়েছে, অবৈধ কনটেন্ট ও উগ্রবাদী প্রচারণা ছড়িয়ে পড়া ঠেকাতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। খবর আল-জাজিরার।
সোমবার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে জর্ডানের পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেট (পিএসডি) টেলিগ্রাম ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়টি জানায়। দেশটিতে সাম্প্রতিক এক নিরাপত্তা অভিযানের মধ্যেই এ সিদ্ধান্ত এলো। গত মাসে একটি গ্রিক অর্থোডক্স গির্জায় হামলায় প্রাণ হারান ৯ জন।
জর্ডানের মধ্য-পশ্চিমাঞ্চলীয় কারাক গভর্নরেটের হাম্মুদ গ্রামে ওই হামলার ঘটনা ঘটে। রোববার এ ঘটনায় অভিযুক্ত তিন ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত।
এ ঘটনার পর প্রতিবেশী সিরিয়ায় বিমান হামলা চালায় জর্ডান। দেশটির দাবি, ওই হামলায় গির্জায় হামলার সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র সংগঠন আইএসআইএলের (আইএসআইএস) ২০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন।
এ ছাড়া চলতি মাসে রাজধানী আম্মানে আরেকটি ‘সন্ত্রাসী হামলায়’ এক নিরাপত্তা কর্মকর্তা নিহত এবং একজন আহত হন।
টেলিগ্রাম ব্যবহারকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জর্ডানের নিরাপত্তা বিভাগ। অজ্ঞাত উৎসের অ্যাকাউন্ট, লিংক বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বেআইনি কর্মকাণ্ড বা কনটেন্ট চোখে পড়লে তা সরকারি কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, ইরাকের গণমাধ্যম ও যোগাযোগ কর্তৃপক্ষও টেলিগ্রাম ব্যবহারে নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। তাদের দাবি, ইরাকি ব্যবহারকারীদের কনটেন্ট পর্যবেক্ষণ এবং আইন লঙ্ঘনকারী বিষয়বস্তু নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে অ্যাপটির পরিচালনাকারী প্রতিষ্ঠান।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, প্ল্যাটফর্মটিতে প্রকাশিত আইনবিরোধী কনটেন্ট মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি টেলিগ্রাম। পাশাপাশি ইরাকের প্রচলিত আইনও মেনে চলেনি প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে টেলিগ্রামকে ৩০ দিন সময় দিয়েছে ইরাক। তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি কর্তৃপক্ষ।
এর আগেও ২০২৩ সালে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ইরাকে টেলিগ্রাম বন্ধ করা হয়েছিল। সে সময় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও গোপনীয়তা রক্ষার বিষয়টি সামনে এনেছিল দেশটির সরকার। তাদের অভিযোগ ছিল, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য যথাযথভাবে সুরক্ষিত রাখতে ব্যর্থ হয়েছে অ্যাপটি।
২০১৩ সালে রাশিয়ায় জন্ম নেয়া উদ্যোক্তা পাভেল দুরভ টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন। অ্যাপটি আইএসআইএলের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যবহারেও রয়েছে বলে ধারণা করা হয়। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি টেলিগ্রাম কর্তৃপক্ষ।
পাভেল দুরভ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নির্বাসিত জীবনযাপন করছেন বলে ধারণা করা হয়। বিভিন্ন দেশে তার বিরুদ্ধে তদন্ত চলছে। গত জুলাইয়ে রাশিয়া তার বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদে সহায়তার’ অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
টেলিগ্রামে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড চ্যাটের সুবিধা থাকলেও সব ধরনের কথোপকথন এ ব্যবস্থার আওতায় পড়ে না। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় অ্যাপটি বেশ জনপ্রিয়। বিশ্বজুড়ে টেলিগ্রামের মোট ব্যবহারকারীর প্রায় ৮ শতাংশ এ অঞ্চল থেকে আসেন।
আরটিভি/এসএস


