
জ্বালানিনির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব বিমান চলাচলের পথে নতুন মাইলফলক অর্জন করেছে চীন। দেশটিতে তৈরি সম্পূর্ণ ব্যাটারিচালিত যাত্রীবাহী বাণিজ্যিক বিমান ‘সিই-২৫এ’ (CE-25A) সফলভাবে প্রথমবারের মতো পাইলটসহ পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। নির্মাতাদের দাবি, একবার পূর্ণ চার্জে বিমানটি প্রায় ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে।
শনিবার (১৪ নভেম্বর) চীনের শানডং প্রদেশের বিনঝৌ শহরে বিমানটির প্রথম পাইলটসহ পরীক্ষামূলক উড্ডয়ন অনুষ্ঠিত হয়। এতে পাইলটদের পাশাপাশি একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ারও অংশ নেন।
চীনের রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (সিওএমএসি), বিশ্বের অন্যতম শীর্ষ ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠান সিএটিএল এবং সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে বিমানটি। মূলত কাছাকাছি শহরগুলোর মধ্যে স্বল্প দূরত্বের বাণিজ্যিক যাত্রী পরিবহনের লক্ষ্যেই এটি নির্মাণ করা হয়েছে।
সিই-২৫এ বিমানের সর্বোচ্চ উড্ডয়নকালীন ওজন ১০ টন। এতে একসঙ্গে ১৯ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। বিমানটির ক্রুজ গতিবেগ ঘণ্টায় ৩০০ কিলোমিটার এবং এটি সর্বোচ্চ ২ হাজার ৪০০ মিটার উচ্চতায় উড়তে সক্ষম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পাইলটসহ প্রথম উড্ডয়নের আগে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে চালকবিহীন অবস্থায় বিমানটির ১৯টি স্বয়ংক্রিয় পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হয়। এসব পরীক্ষায় সফলতার পর বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের অনুমোদন পেতে চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে টাইপ সার্টিফিকেশনের আবেদন করেছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো।
কর্তৃপক্ষ ইতোমধ্যে আবেদন গ্রহণ করে পর্যালোচনা শুরু করেছে। তবে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু করতে প্রয়োজনীয় সনদ ও অনুমোদন পাওয়া এখনো বাকি।
বিশ্লেষকদের মতে, ব্যাটারিচালিত এই বিমান ভবিষ্যতে স্বল্প দূরত্বের আকাশপথে পরিবহন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এটি পরিবেশবান্ধব বিমান প্রযুক্তির উন্নয়ন এবং প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমানোর ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে।
আরটিভি/এসকে



