
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে একটি মিষ্টি তৈরির কারখানায় ভয়াবহ আগুনে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আগুন লাগার এক দিন পরও কারখানাটিতে উদ্ধার অভিযান চলছে। এখনও নিখোঁজ রয়েছেন ৩৬ জন শ্রমিক।
রোববার (২২ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার (২২ নভেম্বর) উদ্ধারকর্মীরা নিখোঁজ শ্রমিকদের সন্ধানে ক্ষতিগ্রস্ত কারখানার বিভিন্ন অংশে তল্লাশি চালান। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় পশ্চিম জাভার সেরাং অঞ্চলের চিকান্দে এলাকায় কারখানাটিতে আগুন লাগে।
আগুন থেকে বেঁচে ফিরেছেন ১৫ জন। তাদের মধ্যে চারজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও জানায়নি কর্তৃপক্ষ।
উদ্ধারকর্মীরা ধারণা করছেন, কারখানার ক্ষতিগ্রস্ত ভবনের বিভিন্ন অংশে শ্রমিকেরা আটকা পড়ে থাকতে পারেন। এদিকে আগুনের শিখা ও ধোঁয়াসহ উত্তপ্ত স্থানগুলো নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন দমকলকর্মীরা। আগুন নেভানোর পাশাপাশি কারখানার বিভিন্ন অংশ ঠান্ডা করার কাজও চলছে।
আরটিভি/জেএমএ


