
ক্যানসারে আক্রান্ত হয়ে স্ত্রীকে হারানোর পর সেই শোককে শক্তিতে রূপান্তর করে বিশ্বজয়ের অভিযানে নেমেছেন ৬৯ বছর বয়সী কানাডিয়ান সাইক্লিস্ট মার্ক হার্বস্ট। স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা এবং প্রবীণদের অনুপ্রাণিত করার উদ্দেশ্যে সাইকেলে ৩০ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছেন তিনি।
এই অনন্য অর্জনের মাধ্যমে সাইকেলে পৃথিবী চক্কর দেওয়া সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস খেতাব অর্জন করেছেন মার্ক। এর আগে এই রেকর্ড ছিল নিউজিল্যান্ডের ৬৬ বছর বয়সী ক্রিস্টোফার বেনেটের।
শুধু রেকর্ড গড়াই নয়, এই অভিযানের মাধ্যমে ক্যানসার গবেষণার জন্য তহবিলও সংগ্রহ করেছেন মার্ক। কানাডার প্রিন্সেস মার্গারেট ক্যানসার ফাউন্ডেশনের জন্য তিনি প্রায় ৬৮ হাজার কানাডিয়ান ডলার সংগ্রহ করতে সক্ষম হয়েছেন।
স্ত্রী জ্যাকিকে নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে মার্ক বলেন, ‘জ্যাকি আমার সবকিছু ছিল, আমার আত্মার সঙ্গী এবং আমার সবচেয়ে ভালো বন্ধু।’ দীর্ঘ সাত বছর ক্যানসারের সঙ্গে লড়াই করার পর ২০২১ সালে ৫৫ বছর বয়সে মারা যান জ্যাকি।
২০২৫ সালের ৮ জানুয়ারি থাইল্যান্ডের ব্যাংকক থেকে নিজের যাত্রা শুরু করেন মার্ক। মাত্র ৩২৪ দিন সাইকেল চালিয়ে একই বছরের ২৭ নভেম্বর তিনি ব্যাংককের সেই শুরুর স্থানেই ফিরে আসেন। এই দীর্ঘ পথ পরিক্রমায় তাকে মোট ২৫টি দেশ অতিক্রম করতে হয়েছে। যাত্রাপথে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি স্ত্রী জ্যাকির চিতার ছাইও সঙ্গে রেখেছিলেন তিনি। জ্যাকি বেঁচে থাকাকালীন যেসব জায়গায় যেতে চেয়েছিলেন, পথের বিভিন্ন স্থানে সেই ছাই ছড়িয়ে দেন মার্ক।
দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্য ইউরোপ, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সড়ক পাড়ি দেওয়ার সময় সাধারণ মানুষের কাছ থেকে অকৃত্রিম ভালোবাসা ও সহযোগিতা পেয়েছেন মার্ক। মালয়েশিয়ায় পুলিশ তাকে এসকর্ট প্রদান করেছে, আবার পশ্চিম অস্ট্রেলিয়ায় এক নারী তাকে নিজের ক্যাফেতে রাত কাটানোর সুযোগ করে দিয়েছেন। এ ছাড়া বহু সাধারণ মানুষ তার জন্য নিজেদের ঘরের দরজা খুলে দিয়েছেন এবং খাবার দিয়েছেন—যা তার এই কঠিন যাত্রাকে আরও বিশেষ করে তুলেছে।
আরটিভি/এসএস


