ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পিএম
রাশিয়া-ইউক্রেন সংঘাতের মধ্যে মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার পর একটি তেল শোধনাগারে আগুন লাগে (২০ সেপ্টেম্বর), সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ছবি: সংগৃহীত

রাশিয়ার তেল শোধনাগারে আবারও হামলা শুরু করেছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের উদ্যোগ থেকে সরে আসার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা চালিয়ে গেলে কিয়েভ অনির্দিষ্টকালের জন্য পাল্টা হামলা বন্ধ রাখবে না।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাশিয়ার রিয়াজান অঞ্চলের একটি তেল শোধনাগারে ইউক্রেনের চালকবিহীন আকাশযানের হামলায় আগুন লাগে বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর পাভেল মালকভ। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বড় ধরনের এই হামলার পর ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।

এর আগে রোববার (১১ অক্টোবর) রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। এরপর ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগারে হামলা থেকে বিরত ছিল। বিশ্ববাজারে ডিজেলের দাম বেড়ে যাওয়ার জন্য রাশিয়ার তেল স্থাপনাগুলোতে হামলাকে দায়ী করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা চালিয়ে যাওয়ায় ক্ষোভ বাড়ছিল জেলেনস্কির। বুধবার (১৪ অক্টোবর) তিনি জানান, রাশিয়ার হামলায় ইউক্রেনের ছয় লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত ব্রিটিশ সংবাদপত্র ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ রাখার বিষয়ে ইউক্রেনের ধৈর্য শেষ হয়ে গেছে। তিনি বলেন, ‘শোধনাগারে হামলার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। আমরা আর এটা চালিয়ে যাব না।’

সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার ব্যবসায়িক চুক্তি করার আগ্রহ এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ট্রাম্পের ইতিবাচক মনোভাবেরও সমালোচনা করেন জেলেনস্কি। এর আগে শনিবার (১০ অক্টোবর) ট্রাম্প ইউক্রেনকে জেলেনস্কির পরিবর্তে নতুন নেতা বেছে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। পাশাপাশি রাশিয়ার তেল অবকাঠামোয় ইউক্রেনের হামলারও সমালোচনা করেন তিনি।

ইউক্রেনের অভিযোগ, তারা রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ রাখলেও সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আগাম সতর্কবার্তা পায়নি। ইউক্রেনীয় কর্মকর্তারা আরও বলেছেন, ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংকের সামরিক সংস্করণ স্টারশিল্ডের যোগাযোগসেবা দেশজুড়ে ধীর হয়ে যাওয়ায় যুদ্ধক্ষেত্রে কার্যক্রম এবং রাশিয়ার সামরিক স্থাপনায় মাঝারি পাল্লার হামলা ব্যাহত হয়েছে।

তবে স্টারশিল্ডের গতি নিয়ন্ত্রণের বিষয়টি যুক্তরাষ্ট্র সরকারের সিদ্ধান্ত বলে জানিয়েছেন ইলন মাস্ক। বুধবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই সামরিক যোগাযোগব্যবস্থার মালিক ও নিয়ন্ত্রক যুক্তরাষ্ট্র সরকারই। এর গতি সীমিত করা হবে কি না, সেই সিদ্ধান্তও তাদের।

জেলেনস্কির দাবি, রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ না করলে গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করে দেওয়ার বিষয়ে ইউক্রেনের সামরিক কর্মকর্তাদের সতর্ক করেছিলেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

ফিন্যান্সিয়াল টাইমসকে জেলেনস্কি বলেন, হামলা বন্ধ রাখার বিষয়টিকে কিয়েভের কাছে শুরুতে কারিগরি সমস্যা হিসেবে তুলে ধরা হয়েছিল। তবে স্টারলিংক ব্যবস্থায় ত্রুটির কারণে এমনটি হয়েছে—এ ব্যাখ্যা তিনি প্রত্যাখ্যান করেন। তার ভাষায়, ‘এটি কারিগরি সমস্যা ছিল না, এটি ছিল ইচ্ছাকৃত সিদ্ধান্ত।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নত করতে রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ রাখার বিষয়ে জেলেনস্কিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের তৈরি আরও প্যাট্রিয়ট প্রতিরোধী ক্ষেপণাস্ত্র পেলে তিনি এমন সিদ্ধান্তে রাজি হতে পারেন।

তিনি এই সহায়তাকে গ্রহণযোগ্য সমঝোতার ন্যূনতম শর্ত হিসেবে উল্লেখ করেন।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর পর ফেব্রুয়ারি থেকে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় তা কমানোর চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। গত সপ্তাহে রাশিয়ার কাছ থেকে সীমিত পরিমাণে ডিজেল আমদানির জন্য কিছু নিষেধাজ্ঞা শিথিল করার উদ্যোগও ঘোষণা করা হয়। তবে রাশিয়া ও ইউক্রেনের জ্বালানি স্থাপনায় পাল্টাপাল্টি হামলা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কিয়েভের টানাপোড়েনের কারণে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।


সূত্র: রয়টার্স

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্রান্সের রাষ্ট্রপতির দপ্তরের প্রশংসাপত্র পেলেন বাংলাদেশি আলোকচিত্রী ফরিদ আহাম্মদ রনি
বাংলাদেশের আলোকচিত্রী ও লেখক ফরিদ আহাম্মদ রনির আলোকচিত্রভিত্তিক গ্রন্থ ‘প্যারিসের ছবি’ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর হাতে গ্রন্থটি উপহার দেওয়ার পর এবার রাষ্ট্রপতির দপ্তর থেকে পাওয়া আনুষ্ঠানিক প্রশংসাপত্র তার সৃজনশীল উদ্যোগকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। ২০২৫ সালের ৩০ অক্টোবর ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর হাতে নিজের প্রকাশিত গ্রন্থ ‘প্যারিসের ছবি’ তুলে দেওয়ার সুযোগ পান ফরিদ আহাম্মদ রনি। প্যারিসের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সৌন্দর্যকে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা এই গ্রন্থ রাষ্ট্রপতির হাতে পৌঁছে দেওয়া তার দীর্ঘদিনের সৃজনশীল যাত্রার একটি স্মরণীয় ঘটনা। এর আগে ফ্রান্সের রাষ্ট্রপতির দপ্তর এবং প্যারিসের মেয়র দপ্তর থেকেও গ্রন্থটির জন্য প্রশংসাপত্র ও ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার কথা জানান লেখক। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালের ২০ অক্টোবর ফ্রান্সের রাষ্ট্রপতির দপ্তর থেকে প্রাপ্ত আনুষ্ঠানিক চিঠি তার এই উদ্যোগে নতুন মাত্রা যোগ করেছে। প্রাপ্ত চিঠিতে গ্রন্থটি উপহার দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ফ্রান্সের সাংস্কৃতিক মর্যাদা ও আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশটির ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রে লেখকের উদ্যোগের প্রশংসা করা হয়েছে। একই সঙ্গে ফ্রান্স ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করার ক্ষেত্রে তার অবদানের স্বীকৃতিও উল্লেখ করা হয়েছে। ‘প্যারিসের ছবি’ কেবল একটি আলোকচিত্রের বই নয়, বরং ফ্রান্সের রাজধানীর ইতিহাস, স্থাপত্য, শিল্প, সংস্কৃতি ও নগরজীবনের এক নান্দনিক উপস্থাপনা। গ্রন্থটিতে আইফেল টাওয়ার, লুভর জাদুঘর, ঐতিহাসিক স্থাপনা, ভাস্কর্য, নগরজীবন এবং প্যারিসের সাংস্কৃতিক বৈচিত্র্য আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বাংলা, ইংরেজি ও ফরাসি ভাষায় প্রকাশিত গ্রন্থটি বাংলাদেশের প্রকাশনা ও আলোকচিত্রচর্চার আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধিতে ভূমিকা রাখছে। বহুভাষিক উপস্থাপনার মাধ্যমে বইটি বাংলাদেশ, ফ্রান্সসহ বিভিন্ন দেশের পাঠক ও শিল্পানুরাগীদের কাছে প্যারিসের সৌন্দর্য ও ঐতিহ্য তুলে ধরার সুযোগ সৃষ্টি করেছে। ২০২৫ সালের নভেম্বরে প্রকাশিত সংবাদ প্রতিবেদনেও গ্রন্থটির বহুভাষিক প্রকাশনা এবং ফ্রান্সের রাষ্ট্রপতির হাতে পৌঁছানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। ফরিদ আহাম্মদ রনির এই গ্রন্থ আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের কাছে পৌঁছেছে। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর পাশাপাশি প্যারিসের সাবেক মেয়র আন্নে ইদালগোর হাতেও বইটি তুলে দেওয়া হয়েছে। এ ছাড়া প্যারিসের ঐতিহাসিক গ্রঁ পালে অনুষ্ঠিত আন্তর্জাতিক ChangeNOW Summit-এ মোনাকোর যুবরাজ প্রিন্স আলবার্ট দ্বিতীয়, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী লরাঁ ফাবিউস এবং জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল মেলিসা ফ্লেমিংয়ের হাতেও গ্রন্থটি পৌঁছে দেন তিনি। ২০২৬ সালের জুনে প্যারিসের বর্তমান মেয়র ইমানুয়েল গ্রেগোয়ারের কাছেও গ্রন্থটি উপহার দেওয়া হয়। একই বছরের আগস্টে ফ্রান্সের সাবেক রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া ওলান্দের হাতেও বইটি তুলে দেওয়ার খবর প্রকাশিত হয়। ফ্রান্স ও বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার ওপর প্রতিষ্ঠিত। শিল্প, সাহিত্য, আলোকচিত্র ও সংস্কৃতির মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ আরও গভীর করার সুযোগ রয়েছে। ফরিদ আহাম্মদ রনির ‘প্যারিসের ছবি’ সেই সাংস্কৃতিক যোগাযোগের একটি উল্লেখযোগ্য উদাহরণ। একজন বাংলাদেশি আলোকচিত্রীর দৃষ্টিতে ফ্রান্সের রাজধানীকে আন্তর্জাতিক পাঠকের সামনে তুলে ধরার এই প্রচেষ্টা দুই দেশের সাংস্কৃতিক বিনিময়কে নতুনভাবে পরিচিত করার সুযোগ সৃষ্টি করেছে। রাষ্ট্রপতির দপ্তর থেকে পাওয়া আনুষ্ঠানিক প্রশংসাপত্র তার ব্যক্তিগত সৃজনশীল অর্জনের পাশাপাশি বাংলাদেশের আলোকচিত্র ও প্রকাশনা জগতের জন্যও অনুপ্রেরণার বিষয়। সংস্কৃতির কোনো ভৌগোলিক সীমারেখা নেই। শিল্প ও সৃজনশীলতার মাধ্যমে মানুষে মানুষে সম্পর্ক গড়ে ওঠে, দেশ থেকে দেশে তৈরি হয় বন্ধুত্বের সেতু। ‘প্যারিসের ছবি’ সেই সেতুবন্ধনেরই একটি নান্দনিক প্রয়াস, যা ভবিষ্যতে বাংলাদেশ ও ফ্রান্সের সাংস্কৃতিক সম্পর্ককে আরও সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আরটিভি/টিআর
ফ্রান্সের রাষ্ট্রপতির দপ্তরের প্রশংসাপত্র পেলেন বাংলাদেশি আলোকচিত্রী ফরিদ আহাম্মদ রনি
এক বছরে দুই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, পদত্যাগের ঘোষণা স্পেনের মন্ত্রীর
এক বছরেরও কম সময়ে দুটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে।
এক বছরে দুই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, পদত্যাগের ঘোষণা স্পেনের মন্ত্রীর
ফ্রান্সে টিভি চ্যানেল বন্ধের দাবিতে ৫ লাখের বেশি মানুষের স্বাক্ষর
ফ্রান্সের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনিউজ বন্ধের দাবিতে করা আবেদনে পাঁচ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন।
ফ্রান্সে টিভি চ্যানেল বন্ধের দাবিতে ৫ লাখের বেশি মানুষের স্বাক্ষর
ইউক্রেনে ত্রাণকেন্দ্রে রাশিয়ার হামলা, নিহত ২৬
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে একটি ত্রাণ বিতরণকেন্দ্রে রাশিয়ার বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। 
ইউক্রেনে ত্রাণকেন্দ্রে রাশিয়ার হামলা, নিহত ২৬
সুইজারল্যান্ডের রাইন নদী থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার, বাংলাদেশি রুমমেট গ্রেপ্তার
সুইজারল্যান্ডের আর্গাউ ক্যান্টনের স্টাইন এলাকায় রাইন নদীর তীর থেকে এক ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় ৪৩ বছর বয়সি এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিহতের সঙ্গে একই কক্ষে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি বুরুন্ডির নাগরিক। গত ২৪ অক্টোবর তার নিখোঁজ হওয়ার বিষয়ে পরিচিতজনেরা পুলিশকে অবহিত করেন। পরদিন ২৫ অক্টোবর রাইন নদীর তীর থেকে একজনের লাশের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলটি তাদের বসবাসের আশ্রয়কেন্দ্রের কাছেই অবস্থিত। প্রতিবেদনে বলা হয়, দেহের বিভিন্ন অংশ কেটে আলাদা করা হয়েছিল। পরে সেগুলো আবর্জনার ব্যাগে ভরে রাইন নদীতে এবং নদীতীরবর্তী এলাকায় ফেলে দেওয়া হয়। পরে ফরেনসিক মেডিসিন ইনস্টিটিউট পরীক্ষার মাধ্যমে লাশের পরিচয় নিশ্চিত করে। এ ঘটনায় তদন্তে নামে আর্গাউ ক্যান্টন পুলিশ। আশ্রয়কেন্দ্রের কয়েকজন বাসিন্দার আচরণও তদন্তকারীদের সন্দেহের জন্ম দেয়। পরে বিশেষজ্ঞদের সহায়তায় আশ্রয়কেন্দ্র ও লাশ উদ্ধারের আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। তদন্তে পাওয়া আলামতের ভিত্তিতে ৪৩ বছর বয়সি বাংলাদেশি এক নাগরিকের বিরুদ্ধে সন্দেহ জোরালো হয়। তিনি নিহত ব্যক্তির সঙ্গে একই কক্ষে বসবাস করতেন। গত ২৭ অক্টোবর সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় রাইনফেলডেন-লাউফেনবুর্গ জেলা অ্যাটর্নি কার্যালয় হত্যাকাণ্ডের অভিযোগে ফৌজদারি তদন্ত শুরু করেছে। একই সঙ্গে সন্দেহভাজন ব্যক্তিকে আটক রাখার আবেদন জানানো হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা, সময়ক্রম ও উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। এ ঘটনার সঙ্গে রাজনৈতিক বা ধর্মীয় কোনো উদ্দেশ্য জড়িত থাকার প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। জাতীয়রাজনীতি তদন্ত চলাকালে সন্দেহভাজন ব্যক্তির মধ্যে মানসিক স্বাস্থ্যগত সমস্যার কিছু লক্ষণ দেখা গেছে। তবে এসব সমস্যার সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সূত্র: ব্লু নিউজ আরটিভি/এসআর
সুইজারল্যান্ডের রাইন নদী থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার, বাংলাদেশি রুমমেট গ্রেপ্তার
আরও পড়ুন
সাভারে তিন সাংবাদিকের ওপর আন্দোলনকারীদের হামলা, মারধর
পোশাক শ্রমিকদের ওপর পুলিশি হামলায় ইবি ছাত্র ইউনিয়নের নিন্দা
নিউইয়র্কে ছুরিকাঘাতে গুরুতর আহত তরুণী, হামলাকারীর খোঁজে পুলিশ 
নতুন করে হামলার পরও ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী ভ্যান্স